(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প (ডান দিকে)। —ফাইল চিত্র।
অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতায় সম্মত হল ভারত এবং আমেরিকা। শনিবার ভোরে (ভারতীয় সময় অনুসারে) যৌথ বিবৃতি দিয়ে এই সমঝোতার কথা জানাল দুই দেশ। অন্তর্বর্তী এই বাণিজ্য-সমঝোতাকে স্বাগত জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সমাজমাধ্যমে একটি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, “ভারত এবং আমেরিকার জন্য দারুণ খবর! দুই মহান দেশের মধ্যে একটা অন্তর্বর্তিকালীন বাণিজ্যিক বোঝাপড়ার বিষয়ে আমরা সম্মত হয়েছি। দুই দেশের মধ্যে নিবিড় বোঝাপড়া বৃদ্ধির বিষয়ে ব্যক্তিগত ভাবে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমি তাঁকে ধন্যবাদ জানাচ্ছি।”
২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পরেই বাণিজ্যচুক্তির বিষয়ে কথা শুরু করেছিল নয়াদিল্লি এবং ওয়াশিংটন। তার পর অবশ্য দীর্ঘ দিন নানা কারণে এই চুক্তির বিষয়ে ঐকমত্যে পৌঁছয়নি দু’পক্ষ। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে টেলিফোনে কথা বলার পরে সোমবার রাতে (ভারতীয় সময়) মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিপাক্ষিক বাণিজ্যসমঝোতার কথা ঘোষণা করেন। ভারতীয় পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে বলে জানান তিনি। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতাই পূর্ণমাত্রার বাণিজ্য-সমঝোতার কাজকে এগিয়ে নিয়ে যাবে।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভারত-মার্কিন দ্বিপাক্ষিক
বাণিজ্য-সমঝোতা দেশের কৃষক, উদ্যোগপতি, ক্ষুদ্রশিল্প, মৎস্যজীবীদের কাছে নতুন সম্ভাবনার
দরজা খুলে দেবে। কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জানিয়েছেন, অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতা
কার্যকর হলে ভারতীয় পণ্যে আমদানি শুল্কের পরিমাণ কমিয়ে ১৮ শতাংশ করবে। এর ফলে
ভারতের বস্ত্র, চামড়া, প্লাস্টিক, গৃহসজ্জা, রাসায়নিক শিল্পের জন্য আমেরিকার
দরজা খুলে যাবে বলে জানিয়েছেন তিনি। বেশ কিছু ভারতীয় পণ্যের উপর কোনও শুল্ক চাপাবে না ট্রাম্প
প্রশাসন। এই পণ্যগুলির মধ্যে রয়েছে ওষুধ, হিরে ও অন্যান্য দামি রত্ন, বিমানের
যন্ত্রাংশ।
অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতা অনুসারে বেশ কিছু মার্কিন পণ্যের জন্য নিজেদের দরজা খুলে দিচ্ছে ভারতও। আমেরিকার বেশ কিছু পণ্যের (কৃষিপণ্য-সহ) জন্য ভারত আমদানি শুল্কের পরিমাণ কমাচ্ছে কিংবা তা পুরোপুরি তুলে নিচ্ছে। এর মধ্যে রয়েছে পশুখাদ্য, প্রক্রিয়াজাত ফল, সয়াবিন তেল, ওয়াইন ইত্যাদি।
কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী জানিয়েছেন, আমেরিকার সঙ্গে অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতা হলেও কৃষকদের স্বার্থরক্ষায় কেন্দ্র দায়বদ্ধ। তাই বেশ কিছু কৃষিপণ্য এবং দুগ্ধজাত পণ্যকে এই বোঝাপড়ার বাইরে রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ভুট্টা, আটা, চাল, সয়াবিন, দুধ, চিজ়, ইথানল (জ্বালানি), তামাক, কিছু সব্জি, মাংস ইত্যাদি।