Tata Motors Dividend

বাণিজ্যিক গাড়িতে বাম্পার মুনাফায় লভ্যাংশ সুপারিশ, অতিরিক্ত টাকায় পকেট ভরাবে টাটা মোটর্‌সের স্টক!

বুধবার, ১৩ মে ২০২৫-’২৬ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকের (জানুয়ারি-মার্চ) ফলাফল ঘোষণা করল টাটা মোটর্‌সের বাণিজ্যিক গাড়ি বিভাগ। সেখানে ১,৮০০ কোটি টাকা মুনাফা হওয়ায় লগ্নিকারীদের জন্য লভ্যাংশ সুপারিশ করেছে দেশের ঐতিহ্যবাহী এই শিল্পসংস্থা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১৯:৪৩
Representative Picture

—প্রতীকী চিত্র।

টাটা মোটর্‌স বাণিজ্যিক গাড়ির শেয়ারে লগ্নিকারীদের জন্য সুখবর। স্টকপ্রতি চার টাকা করে চূড়ান্ত লভ্যাংশ পাবেন তাঁরা। বুধবার, ১৩ মে গত আর্থিক বছরের (পড়ুন ২০২৫-’২৬) চতুর্থ ত্রৈমাসিকের (জানুয়ারি থেকে মার্চ) ফলাফল ঘোষণা করে দেশের ঐতিহ্যবাহী এই গাড়িসংস্থা। সেই রিপোর্ট অনুযায়ী, কর-পরবর্তী তাদের মুনাফার অঙ্ক বৃদ্ধি পেয়েছে ৩৫ শতাংশ। সংশ্লিষ্ট ফলাফলের সঙ্গেই লভ্যাংশ সুপারিশ করায় লগ্নিকারীদের মুখের হাসি যে চওড়া হয়েছে, তা বলাই বাহুল্য।

Advertisement

বুধবার, ১৩ মে চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলে টাটা মোটর্‌স জানায়, সব মিলিয়ে কর-পরবর্তী কালে ১,৮০০ কোটি টাকা মুনাফা করেছে তাঁরা। শুধু তা-ই নয়, এই সময়সীমার মধ্যে গাড়ি বিক্রি বেশি হওয়ায় বৃদ্ধি পেয়েছে তাঁদের নিট মুনাফাও। পাশাপাশি, ২০২৪-’২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের নিরিখে ১৯ শতাংশ বৃদ্ধি পেয়ে গাড়ি নির্মাণকারী সংস্থাটির সমন্বিত রাজস্বের পরিমাণ পৌঁছেছে ২৬,১০০ কোটিতে।

এ বছরের প্রথম তিন মাসে টাটা মোটর্‌সের সুদ, কর, অপচয় ও অন্যান্য খরচ পূর্বর্তী সূচক ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চের তুলনায় ১৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, শতাংশের বিচারে যা ১৩.১। এ ছাড়া সুদ ও কর-পূর্ববর্তী আয় ২৩০ বেসিস পয়েন্ট বেড়ে হয়েছে ১১.৫ শতাংশ। পাশাপাশি, কর ও বিশেষ আইটেম বাদ দিয়ে মুনাফার অঙ্ক ২৯ বেসিস পয়েন্ট বেড়ে ২,৪০০ কোটি টাকা হয়েছে।

চতুর্থ ত্রৈমাসিকের রিপোর্টে আরও বলা হয়েছে, টাটা মোটর্‌সের বাণিজ্যিক যানের পাইকারি বিক্রি গত বছরের (২০২৫ সাল) জানুয়ারি-মার্চের তুলনায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালে এই সময়সীমায় মোট ১ লক্ষ ৩২ হাজার বাণিজ্যিক যান বিক্রি করেছে দেশের ঐতিহ্যবাহী এই গাড়িসংস্থা। ২০২৫-’২৬ আর্থিক বছরে ১৪ শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে তাঁদের পাইকারি গাড়ি বিক্রির সূচক। সব মিলিয়ে গত অর্থবর্ষে মোট ৪ লক্ষ ২৮টি গাড়ি বিক্রি করেছে টাটা মোটর্‌স।

গত আর্থিক বছরে (২০২৫-’২৬) ১২ থেকে ৫৪ শতাংশ পর্যন্ত রফতানি বাড়িয়েছে দেশের ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠান। বাণিজ্যিক যানের ক্ষেত্রে ভারতের বাজারে ৩৫.৭ শতাংশ দখলে রাখে টাটা মোটর্‌স। এ ছাড়া জানুয়ারি-মার্চের মধ্যে ভারী যানের ৫৫ শতাংশ, মাঝারি ও হালকা যানের ৩৯.৫ শতাংশ, ছোট বাণিজ্যিক যানের ২৬.৮ শতাংশ এবং যাত্রিবাহী যানের ৩৬.৪ শতাংশ নিয়ন্ত্রণ করছিল তাঁরা।

বুধবার বাজার বন্ধ হলে দেখা যায় বম্বে স্টক এক্সচেঞ্জে (বিএসই) ৩৮৪.৩৫ টাকায় দৌড় থামিয়েছে টাটা মোটর্‌স। ০.৭৪ শতাংশ পড়েছে স্টকটির দাম। গত বছর (২০২৫ সাল) ভারত-আমেরিকা শুল্ক সংঘাতের সময় হু-হু করে পড়েছিল টাটাদের গাড়িসংস্থার শেয়ার সূচক, যা অচিরেই ঊর্ধ্বমুখী হবে বলে আশাবাদী আর্থিক বিশ্লেষকদের একাংশ।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Advertisement
আরও পড়ুন