TRAI

টেলি সংস্থাকে জরিমানার প্রস্তাব, অবাঞ্ছিত কল রুখতে বড় পদক্ষেপ ট্রাইয়ের

ট্রাই তার প্রস্তাবে ফোন কলের ক্ষেত্রে প্রতি মিনিটে সর্বাধিক ৫ পয়সা ‘টার্মিনেশন ফি’ চাপানোর কথা বলেছে। মেসেজ পিছুও বসবে ওই একই পরিমাণ ফি। নিয়ন্ত্রকের দাবি, এই জরিমানা বসলে টেলিকম সংস্থাগুলিই অবাঞ্ছিত কল এবং মেসেজ আটকাতে চেষ্টা করবে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৬:৪১

—প্রতীকী চিত্র।

ভুয়ো ও অবাঞ্ছিত টেলি-বিপণন কল এবং মেসেজ রুখতে আগেও একাধিক পদক্ষেপ করেছে ট্রাই। এ বার আরও কড়া হওয়ার ইঙ্গিত দিল এই টেলিকম নিয়ন্ত্রক। ১৪০০ এবং ১৬০০ সিরিজ়ের নথিভুক্ত নম্বর ছাড়া অন‍্য নম্বর থেকে সেগুলি এলে, এ বার থেকে সেই টেলিকম পরিষেবা সংস্থাটির উপর ‘টার্মিনেশন ফি’ চাপানোর প্রস্তাব দিয়েছে তারা। একটি সংস্থার গ্রাহকের ফোন কল বা মেসেজ অন‍্য সংস্থার গ্রাহকের কাছে গেলে, প্রথম সংস্থাকে যদি দ্বিতীয় সংস্থাকে টাকা মেটাতে বলা হয়, তা‘টার্মিনেশন ফি’। এটি কার্যত জরিমানা হিসেবেই বসে।

ট্রাই তার প্রস্তাবে ফোন কলের ক্ষেত্রে প্রতি মিনিটে সর্বাধিক ৫ পয়সা ‘টার্মিনেশন ফি’ চাপানোর কথা বলেছে। মেসেজ পিছুও বসবে ওই একই পরিমাণ ফি। নিয়ন্ত্রকের দাবি, এই জরিমানা বসলে টেলিকম সংস্থাগুলিই অবাঞ্ছিত কল এবং মেসেজ আটকাতে চেষ্টা করবে।

১৪০০ সিরিজের আর্থিক লেনদেন সংক্রান্ত বার্তা, ১৬০০-র নথিভুক্ত টেলি-বিপণন কল ছাড়াও আপৎকালীন বার্তা, আবহাওয়া সংক্রান্ত কল বা বার্তা-সহ জরুরি কিছু ক্ষেত্রকে অবশ্য জরিমানার বাইরে রাখা হয়েছে। ট্রাইয়ের মতে, টেলিকম সংস্থাকে অনথিভুক্ত নম্বর থেকে অবাঞ্ছিত কল এবং মেসেজ আটকানোর জন্য বাধ্য করাই লক্ষ্য। এই কাজে তাদের আরও বেশি করে কৃত্রিম মেধা (এআই) ব্যবহারের পরামর্শও দিয়েছে ট্রাই। যাতে ভুয়ো বা অবাঞ্ছিত কল-মেসেজ খুব সহজেই চিহ্নিত করা যায়।

আরও পড়ুন