Income Tax exemption

বদলাচ্ছে আয়করের নিয়ম, বাড়িওয়ালা-ভাড়াটে সম্পর্ক জানালে তবেই মিলবে করছাড়

বাড়ি ভাড়া খাতে আয়কর ছাড় পেতে ১২৪ নম্বর ফর্মে বাড়িওয়ালার সঙ্গে কোনও সস্পর্ক আছে কি না, তা বাধ্যতামূলক ভাবে জানাতে হবে ভাড়াটেকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৩৬

—প্রতীকী চিত্র।

আগামী এপ্রিল থেকে চালু হবে নতুন আয়কর আইন। সম্প্রতি তার নিয়ম এবং বিভিন্ন ফর্মের খসড়া প্রকাশ করেছে কেন্দ্র। তাতেই রয়েছে, বাড়ি ভাড়া খাতে আয়কর ছাড় পেতে ১২৪ নম্বর ফর্মে বাড়িওয়ালার সঙ্গে কোনও সস্পর্ক আছে কি না, তা বাধ্যতামূলক ভাবে জানাতে হবে ভাড়াটেকে। কর বিশেষজ্ঞদের মতে, কেউ যাতে বাবা, মা, ভাইয়ের মতো নিকটাত্মীয়ের থেকে ভুয়ো ভাড়ার রসিদ লিখিয়ে নিয়ে আয়কর ছাড়ের সুবিধা দাবি করতে না পারেন, তার জন্যই এই ব্যবস্থা। এখন এই ছাড় পেতে শুধু ভাড়া বাবদ কত টাকা সংশ্লিষ্ট বছরে গুনতে হবে, বছরের গোড়ায় তার হিসাব নিয়োগকারীর কাছে দিতে হয় চাকরিজীবীদের।

অন্য দিকে, একই সংস্থার হাতে যাতে দু’টি প্যান কার্ড না থাকে তার ব্যবস্থাও রয়েছে। সে জন্য কোনও সংস্থা নতুন প্যান নম্বর নিতে চাইলে তাকে আবেদনপত্রে ঘোষণা করতে হবে বর্তমানে তার কোনও প্যান নেই। সংস্থার কোনও শাখা, প্রকল্প, দফতর, পূর্বের মালিকের নামে প্যান থাকলে, তা-ও সংশ্লিষ্ট ফর্মে জানাতে হবে। বিশেষজ্ঞদের মতে, এতে একই সংস্থা একাধিক প্যান কার্ড করিয়ে নিজের পরিচয়কে আইন বর্হিভূত ভাবে ব্যবহার করতে পারবে না।

আরও পড়ুন