পিএফ পেনশন নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ
Employees Provident Fund

রাখা হয়নি চার বছর আগে দেওয়া কথা, পিএফ-এর ন্যূনতম পেনশন নিয়ে ক্ষোভ কেন্দ্রের বিরুদ্ধে

পিএফে ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি উঠছে বহু দিন ধরেই। অছি পরিষদের বৈঠকে শ্রমমন্ত্রীর সামনেও বার বার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনগুলি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৭

কর্মী পিএফে ন্যূনতম পেনশনের অঙ্ক ১০০০ টাকা থেকে দ্রুত বাড়ানো হবে বলে চার বছর আগে আশ্বস্ত করেছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কর্মী সংগঠনগুলির দাবি, সম্প্রতি অর্থ মন্ত্রকের অধীন ব্যয় বিভাগের সচিব তাদের জানিয়েছেন, ন্যূনতম পেনশন বাড়ানো যাবে কি না বলা যাচ্ছে না। কারণ, সশ্লিষ্ট তহবিলের হিসাবই হয়নি। তার পরেই কেন্দ্রের কথা আর কাজের মধ্যে মিল না থাকার অভিযোগ তুলেছে ইউনিয়নগুলি। তাদের প্রশ্ন, তার মানে কি চার বছর আগে স্রেফ কথার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী? পেনশনভোগীদের নিয়ে তৈরি ইপিএস-৯৫ ন্যাশনাল অ্যাজিটেশন কমিটির রাজ্য সভাপতি তপন দত্তের হুঁশিয়ারি, এই বঞ্চনার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হবে। মার্চের গোড়াতেই ন্যূনতম পেনশন বৃদ্ধি-সহ আরও কিছু দাবি নিয়ে তাঁরা দিল্লিতে ধর্নায় বসবেন বলেও জানান তিনি।

পিএফে ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি উঠছে বহু দিন ধরেই। অছি পরিষদের বৈঠকে শ্রমমন্ত্রীর সামনেও বার বার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনগুলি। তবু ছ’বছর ধরে তার হার স্থির। সূত্রের খবর, এ বার দাবি আদায়ের জন্য নতুন ভাবে ঝাঁপাচ্ছে তারা। কারণ, মূল্যবৃদ্ধির জেরে জীবনযাপনের খরচ যখন চড়ে গিয়েছে, তখন ১০০০ টাকা পেনশন কার্যত অর্থহীন। ইপিএস-৯৫ ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি-সহ আরও কিছু সংগঠন তা আগেই ৭৫০০ টাকা করার দাবি তুলে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তপন জানিয়েছেন, আগামী ৯-১১ মার্চ দিল্লিতে তিন দিনের ধর্নায় বসা হবে। তার পরেও দাবি মানা না হলে দেশ জুড়ে রাস্তায় নামবেন পিএফ পেনশনভোগীরা।

সংশ্লিষ্ট মহলের দাবি, সারা দেশে পিএফের ৮১ লক্ষ পেনশনভোগী। তাঁদের ৩৬ লক্ষই ১০০০ টাকা বা তার কম পাচ্ছেন। যাঁরা পূর্ণ সময়ে চাকরি করতে পারেননি বা অবসরের আগে হারিয়েছেন, তাঁদের ন্যূনতম পেনশন আনুপাতিক হারে কমানো হয়েছে। অনেকে সন্তানের বিয়ে বা পারিবারিক কর্তব্য পালনের খাতিরে পেনশন কিছুটা কম নিয়ে তার বদলে খানিকটা থোক টাকা নিয়েছেন, তাঁদের পেনশনও হাজারের কম।

কর্মীর প্রকৃত বেতনের উপর ভিত্তি করে বর্ধিত পেনশন দেওয়ার আবেদনগুলির সমাধানের দাবিও জানিয়েছে কমিটি। এখন সর্বোচ্চ ১৫,০০০ টাকার উপরে তা দেওয়া হয়। তপন জানান, তাঁদের আর একটি দাবি মহার্ঘ ভাতা।

আরও পড়ুন