Admission in colleges of CU

‘সেরা চার’-এ সন্তুষ্ট নয় কলকাতা বিশ্ববিদ্যালয়! বিষয় ভিত্তিক নম্বর কি গুরুত্ব পাবে স্নাতকে ভর্তির ক্ষেত্রে?

উচ্চ শিক্ষা দফতরের তরফে অভিন্ন মেধাতালিকা প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে। যে সব বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুমোদিত কলেজ রয়েছে তাদের ক্ষেত্রেই এই নীতি কার্যকর হবে। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে কোনও পড়ুয়ার প্রাপ্ত ‘বেস্ট অফ ফোর’–এর নম্বরের উপরে জোর দেওয়ার কথা বলা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৬ ১৫:৪১

— প্রতীকী চিত্র।

উচ্চ মাধ্যমিকে শুধু ‘বেস্ট অফ ফোর’ বা সেরা চারটি বিষয়ের নম্বর নয়, স্নাতক স্তরে ভর্তির জন্য বিচার করা হবে বিষয়ভিত্তিক নম্বরও। এমনই সিদ্ধান্ত নিচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী বুধবার এ বিষয়ে উচ্চ শিক্ষা দফতরে চূড়ান্ত রিপোর্ট পেশ করা হবে বলে কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর।

Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, উচ্চ শিক্ষা দফতরের তরফে অভিন্ন মেধাতালিকা প্রকাশের প্রস্তাব দেওয়া হয়েছে। যে সব বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুমোদিত কলেজ রয়েছে তাদের ক্ষেত্রেই এই নীতি কার্যকর হবে। এ ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে কোনও পড়ুয়ার প্রাপ্ত ‘বেস্ট অফ ফোর’–এর নম্বরের উপরে জোর দেওয়ার কথা বলা হয়েছে।

কিন্তু গত সপ্তাহে কলেজ অধ্যক্ষদের সঙ্গে আলোচনায় বসেন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানেই বহু কলেজের তরফে এ বিষয়ে আপত্তি তোলা হয়। তার পর ফের নিজেদের মধ্যে আলোচনা শুরু করেন বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ। তার পরই বিষয় ভিত্তিক নম্বরকে গুরুত্ব দেওয়ার বিষয়টি উঠে আসে।

‘বেস্ট অফ ফোর’ বা ‘সেরা চার’ বিষয়ের নম্বরের ভিত্তিতে পড়ুয়া ভর্তি করার ক্ষেত্রে যে সব কলেজ আপত্তি তুলেছিল তাদের অন্যতম কলকাতার লেডি ব্রেবোর্ন। কলেজের অধ্যক্ষা শিউলি সরকার জানান, বেশ কয়েকবছর আগে তাঁদের তরফেই একবার ‘বেস্ট অফ ফোর’ পদ্ধতিতে পড়ুয়াদের ভর্তি নেওয়া হয়েছিল। কিন্তু সেখানে যে অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল। তিনি বলেন, “এক পড়ুয়া সংস্কৃত ও বাংলা-সহ নানা বিষয়ে খুব ভাল নম্বর পেয়েছিল। কিন্তু গণিতে নম্বর খুবই কম ছিল। অথচ, তাঁর পছন্দ ছিল রাশিবিজ্ঞান। সেরা চার বিষয়ে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তাঁকে রাশিবিজ্ঞানেই ভর্তি নিতে হয়েছিল। কিন্তু ভবিষ্যতে ওই পড়ুয়াকে নিয়ে খুবই সমস্যা হয়েছিল।” শিউলির দাবি, অনেক পড়ুয়াই নিজের ক্ষমতা না বুঝে বিষয় নির্বাচন করে ফেলেন। বেস্ট অফ ফোর-এর ভিত্তিতে ভর্তি হলে, ওই বিষয়ে তাঁর ব্যুৎপত্তি বোঝা সম্ভব নয় বা তাকে গুরুত্ব দেওয়া হয় না। সে ক্ষেত্রে পরবর্তীতে ভাল নম্বর পাওয়া তো দূরের কথা, পাশ করাই মুশকিল হয়ে যায়। শিউলি মনে করেন, যে বিষয়ে পড়তে চান কোনও পড়ুয়া, সেই বিষয়ে তাঁর উচ্চ মাধ্যমিকের নম্বর অনেক বেশি গুরুত্বপূর্ণ।

সূত্রের খবর, এই বিষয়ে একমত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক কর্তা বলেন, ‘‘যে বিষয়ে পড়ুয়া স্নাতক হতে চায়, সেই বিষয়ের প্রাথমিক ধারণা স্পষ্ট ও স্বচ্ছ হওয়া প্রয়োজন। কলেজ অধ্যক্ষদের মতের গুরুত্ব তো দিতেই হবে।’’ তাই প্রাথমিক ভাবে স্থির হয়েছে ‘বেস্ট অফ ফোর’-এর পাশাপাশি নির্দিষ্ট বিষয়ের নম্বরের ভিত্তিতেই মেধাতালিকা প্রস্তুত হবে, বিষয় বাদ দিয়ে নয়।

তবে বুধবার চূড়ান্ত রিপোর্ট উচ্চ শিক্ষা দফতরে পেশ করা হবে। তার পরই সিদ্ধান্ত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ ঘোষ বলেন, ‘‘বেস্ট অফ ফোর-এর পাশাপাশি বিষয়ের নম্বরকেও গুরুত্ব দিয়ে অভিন্ন মেধাতালিকা প্রকাশ করার কথা আলোচনা হয়েছে। চলতি সপ্তাহেই উচ্চ শিক্ষা দফতরকে জানানো হতে পারে।’’

Advertisement
আরও পড়ুন