Calcutta University joins PMIS

লক্ষ্য পড়ুয়াদের সহজ কর্মসংস্থান! প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রকল্পে যুক্ত হল কলকাতা বিশ্ববিদ্যালয়

ষষ্ঠ সেমেস্টারের পরে পড়ুয়ারা পোর্টালের মাধ্যমে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। তার পর তাঁদের সব সম্ভাবনা বিচার করে বাসস্থান অনুযায়ী কোনও সংস্থায় শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ জুন ২০২৬ ১৩:২৫
রাজাবাজার সায়েন্স কলেজের মেঘনাথ সাহা প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের মুহুর্ত।

রাজাবাজার সায়েন্স কলেজের মেঘনাথ সাহা প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের মুহুর্ত। ছবি: সংগৃহীত।

পড়ুয়াদের ইন্টার্নশিপের সুবিধা দিতে এ বার প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কিম বা পিএমআইএস চালু করল কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের রাজা বাজার সায়েন্স কলেজে এক সচেতনতা প্রসার অনুষ্ঠানের মাধ্যমে এই প্রকল্পের সূচনা হয়।

Advertisement

পড়ুয়াদের কর্মসংস্থান তৈরির উদ্দেশে এই প্রকল্পে নিজেদের অন্তর্ভুক্ত করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়, এমনই জানিয়েছেন উপাচার্য আশুতোষ ঘোষ। তিনি বলেন, “পড়ুয়াদের কাছে এটা বড় সুযোগ। শিক্ষানবিশ অবস্থায় দক্ষতার পরিচয় দিতে পারলে কর্ম সংস্থানের দুশ্চিন্তা কমে যাবে।” কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক দীপ্তেন্দু চট্টোপাধ্যায় জানান, ষষ্ঠ সেমেস্টারের পরে পড়ুয়ারা পোর্টালের মাধ্যমে ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। তার পর তাঁদের সব সম্ভাবনা বিচার করে বাসস্থান অনুযায়ী কোনও সংস্থায় শিক্ষানবিশ হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হবে।

ছবি : সংগৃহীত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ছ’মাসের জন্য ৬০ হাজার টাকা দেওয়া হবে তাঁদের। এরপরে তাঁদের কাজে সন্তুষ্ট হলে ওই সংস্থাগুলিই তাঁদের চাকরি দিয়ে দিতে পারে। ইতিমধ্যে ওই অনুষ্ঠানে উপস্থিত ৩০০ পডুয়ার রেজিস্ট্রেশন হয়ে গিয়েছে। বহু পড়ুয়া বিভিন্ন সংস্থায় ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন বলেও জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দাবি, এর ফলে পড়ুয়াদের সামনে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

শুক্রবারই কলকাতা বিশ্ববিদ্যাল নেশামু্ক্ত ভারত গঠনের অঙ্গীকার করে। যে কোনও নেশা থেকে নিজেদের মুক্ত রাখার জন্য পড়ুয়াদের সঙ্গে কথা বলেন বিশিষ্ট ব্যক্তিরা। ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কেন্দ্রের কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের কর্তারা, ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা বিভাগের আধিকারিকেরাও। পাশাপাশি কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির প্রতিনিধিরা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও অধ্যাপকদের সঙ্গে যোগ দিয়েছিলে বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও পড়ুয়ারা। সেখানেই পিএমআইএস প্রকল্প শুরুর কথা ঘোষণা করা হয়।

Advertisement
আরও পড়ুন