CBSE Revaluation 2026

পোর্টাল সম্পূর্ণ সুরক্ষিত, সিবিএসই-র পুনর্মূল্যায়নের আগেই জানিয়ে দিল আইআইটি প্যানেল

ছাড়পত্র মিললেও পোর্টালে নজরদারি জারি থাকবে আইআইটি প্যানেলের। কোনওরকম সমস্যা হলেই যাতে দ্রুত সমাধান করা যেতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ জুন ২০২৬ ১১:০৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আবেদনের পোর্টালের সুরক্ষার ঘেরাটোপ শক্তিশালী নয়, সিবিএসই সম্পর্কে আগে এমনই জানিয়েছিল আইআইটি প্যানেল। এক সপ্তাহ আগে দাবি করা হয়েছিল, নিরাপত্তার দুর্বলতার কারণে সহজেই হ্যাক হয়ে গিয়েছিল পোর্টাল। সোমবার আইআইটি প্যানেলের তরফে সিবিএসই-র পোর্টাল সম্পূর্ণ নিরাপদ, আপাতত বিপদের কোনও আশঙ্কা নেই বলে আশ্বাস দেওয়া হয়েছে। পোর্টালের দুর্বলতা চিহ্নিত করে সেই সমস্যা পুরোপুরি মিটিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, ধাপে ধাপে পোর্টালের নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখে বার বার পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। সম্ভাব্য যে সমস্যা হতে পারে, তার জন্যও সুরক্ষাকবচ তৈরির পরামর্শও দিয়েছেন আইআইটি বিশেষজ্ঞেরা। সেই মতই বোর্ডের তরফে যাবতীয় ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে।

১ জুন সিবিএসই-র পুনর্মূল্যায়নের পোর্টাল চালু হওয়ার কথা থাকলেও সাইবার হানার কারণে তা ২ জুনের পর কার্যকরী ভাবে চলতে শুরু করে। ফলে বহু পড়ুয়াই আবেদন জমা দিতে পারবেন কি না, তা নিয়ে সংশয়ে ছিলেন। সমাজমাধ্যমে অনেকেই অভিযোগ করেন, আবেদন জমা দিতে গিয়েও সমস্যার মুখে পড়ছেন।

এর পর গত সপ্তাহে বোর্ডের তরফে জানানো হয়, সাইবার হানার কারণে পোর্টালটি সাময়িক ভাবে অকেজো হয়ে পড়েছিল। আইআইটি প্যানেলের বিশেষজ্ঞেরা সমস্যা খতিয়ে দেখে তা সমাধানের চেষ্টা করছেন দ্রুত। দিল্লি পুলিশের কাছে অভিযোগও দায়ের করা হয় বোর্ডের তরফে।

তবে, পুনর্মূল্যায়নের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে না বিতর্কিত কোএম্পট এডুটেক-কে। সংবাদসংস্থার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শুরুতে যে ভাবে মূল্যয়ানের জন্য প্রযুক্তিগত সহযোগিতা করেছিল ওই সংস্থা, পুনর্মূল্যায়নের ক্ষেত্রেও তা-ই করা হবে।

Advertisement
আরও পড়ুন