শুভমন গিল। —ফাইল চিত্র।
সামনেই আফগানিস্তান সিরিজ়। সেই সিরিজ় দিয়েই আগামী বছরের এক দিনের বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারত। তার আগে ভাল খবর পেলেন শুভমন গিলেরা। আইসিসি ক্রমতালিকায় এক নম্বর এক দিনের দল ভারত। শীর্ষস্থান ধরে রেখেছে তারা। টি-টোয়েন্টিতেও ভারত এক নম্বরে। পর পর দু’বার বিশ্বকাপ জিতেছে তারা। টেস্ট ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছে ভারত। অর্থাৎ, তিন ফরম্যাটের মধ্যে দু’টিতে এক নম্বরে রয়েছে গৌতম গম্ভীরের দল।
ভারত এক নম্বরেই ছিল। আইসিসির নতুন ক্রমতালিকাতেও একেই রয়েছে তারা। তবে পয়েন্ট কমেছে। আগে ভারতের পয়েন্ট ছিল ১১৯। নতুন তালিকায় তা কমে হয়েছে ১১৮। দ্বিতীয় স্থানে থাকা নিউ জ়িল্যান্ডের পয়েন্ট ছিল ১১১। তা বেড়ে হয়েছে ১১৩। অর্থাৎ, আগে যেখানে দুই দলের মধ্যে আট পয়েন্টের তফাত ছিল, সেটাই কমে হয়েছে পাঁচ।
তৃতীয় স্থানে রয়েছে গত বারের এক দিনের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া। তাদের পয়েন্ট ১০৯। আগেও এই পয়েন্টই ছিল তাদের। প্রথম দশে একটিই বদল হয়েছে। পাকিস্তানকে টপকেছে দক্ষিণ আফ্রিকা। এখন তাদের পয়েন্ট ১০২। চার নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ১০০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে পাকিস্তান। পিছিয়ে গিয়েছে তারা।
ছ’নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট ৯৬। সাত নম্বরে ৯৩ পয়েন্ট নিয়ে রয়েছে আফগানিস্তান। আট নম্বরে ইংল্যান্ড। ৮৯ পয়েন্ট ২০১৯ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। ৮৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে বাংলাদেশ। ১০ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ়। তাদের পয়েন্ট ৭৩।
২০ দেশের তালিকা দিয়েছে আইসিসি। তালিকায় ১১ থেকে ২০ নম্বরে থাকা দেশগুলি হল যথাক্রমে— আয়ারল্যান্ড, জ়িম্বাবোয়ে, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, আমেরিকা, ওমান, নেপাল, নামিবিয়া, সংযুক্ত আরব আমিরশাহি ও কানাডা।
গত বার বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠে হেরেছিল ভারত। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গিয়েছিল। সেই স্বপ্ন পূরণ করতে চান বিরাট কোহলি ও রোহিত শর্মা। এখন শুধু এক দিনের ক্রিকেট তাঁরা খেলেন। শুভমনের নেতৃত্বে আগামী বছরের বিশ্বকাপের প্রস্তুতি এখনই শুরু করে দিতে চান কোচ গম্ভীর। তার আগে ভাল খবর পেল ভারত।