CBSE postpones Class 10 and 12 exams in Middle East

ফের পরীক্ষা স্থগিতের নির্দেশ! পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত সিবিএসই-র

গত রবিবারই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে ২ মার্চের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। সেই তালিকায় যুক্ত হল আরও দু’দিন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৬ ১৭:১১
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

যুদ্ধরত পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি দেশে আগেই একদিনের পরীক্ষা বাতিল করেছিল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই)। কিন্তু আমেরিকা-ইজ়রায়েল বনাম ইরানের যুদ্ধে পরিস্থিতির কোনও উন্নতি না ঘটায় আরও দু’দিনের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিল বোর্ড।

Advertisement

বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৫ এবং ৬ মার্চ সিবিএসই-র দশম ও দ্বাদশ শ্রেণির পূর্বনির্ধারিত পরীক্ষা আপাতত স্থগিত রাখা হচ্ছে। পরীক্ষা স্থগিত করা হয়েছে বাহরিন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৭ মার্চ যে সব বিষয়ের পরীক্ষা হওয়ার কথা তা নিয়েও আলোচনা করছেন তাঁরা। জানানো হয়েছে, ৫ মার্চ পশ্চিম এশিয়ার দেশগুলির সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করে পরীক্ষা নেওয়া হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে সিবিএসই। পরীক্ষার্থীদের পরীক্ষার পরবর্তী দিন ঘোষণা সংক্রান্ত খবর জানার জন্য সংশ্লিষ্ট স্কুলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। নজর রাখতে বলা হয়েছে বোর্ডের ওয়েবসাইটেও।

গত রবিবারই পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে ২ মার্চের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। তখনই বলা হয়েছিল, ৩ মার্চ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। ঠিক করা হবে আগামী ৫ মার্চ থেকে যে পরীক্ষাগুলি নির্ধারিত আছে সেগুলি হবে কি না।

Advertisement
আরও পড়ুন