— প্রতিনিধিত্বমূলক চিত্র।
মেরিন টেকনোলজি নিয়ে স্নাতকোত্তর স্তরে পড়তে চান? ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি দিচ্ছে ভর্তি হওয়ার সুযোগ। মেরিন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, নাভাল আর্কিটেকচার বিষয়ে স্নাতকেরা উল্লিখিত বিষয়টি পড়ার সুযোগ পাবেন। তাঁদের স্নাতকের পরীক্ষায় ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকা প্রয়োজন। মাস্টার অফ টেকনোলজি (এমটেক) ডিগ্রির অধীনে সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে পড়াশোনার সুযোগ পাওয়া যাবে।
সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে এমটেক ডিগ্রি কোর্সের অধীনে নাভাল আর্কিটেকচার অ্যান্ড ওশন ইঞ্জিনিয়ারিং, ড্রেজ়িং অ্যান্ড হারবার ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিষয়গুলি পড়ানো হবে। নাভাল আর্কিটেকচার অ্যান্ড ওশন ইঞ্জিনিয়ারিং এবং ড্রেজ়িং অ্যান্ড হারবার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে আগ্রহীদের মেকানিক্যাল, সিভিল, মেরিন ইঞ্জিনিয়ারিং কিংবা নাভাল আর্কিটেকচার বিষয়ে স্নাতক হওয়া প্রয়োজন।
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং-এর ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং শাখার যে কোনও বিষয়ের স্নাতকেরা ভর্তি হতে পারবেন। তবে উল্লিখিত সব বিষয়ে ভর্তি হওয়ার জন্য স্নাতক হওয়াই যথেষ্ট নয়। তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট), কমন ইউনিভার্সিটি এন্ট্রানস্ টেস্ট (কুয়েট) পাশ করতে হবে।
এ ছাড়াও ভর্তির আবেদন জমা দেওয়ার পর সকলকে ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি কমন এন্ট্রানস্ টেস্ট (আইএমইউ সিইটি) উত্তীর্ণ হওয়া আবশ্যক। ওই প্রবেশিকায় ইংরেজি, গণিত, মেকানিক্যাল, সিভিল, নাভাল আর্কিটেকচার, ওশন ইঞ্জিনিয়ারিং বিষয়ের প্রশ্ন থাকছে।
অনলাইন পোর্টাল মারফত ২৪ এপ্রিলের মধ্যে নাম নথিভুক্তকরণ সম্পূর্ণ করতে হবে। পরীক্ষা হবে ২৫ মে। ফলপ্রকাশের পর ১৭ জুন পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন জানানো যাবে। ভর্তি প্রক্রিয়া জুলাই মাসের মধ্যে সম্পূর্ণ হবে। ক্লাস ১ অগস্ট থেকে শুরু।