College Admission Crisis

কবে মিলবে পুনর্মূল্যায়নের ফল! সিবিএসই-র মুখে কুলুপ, উচ্চশিক্ষা নিয়ে দুশ্চিন্তায় দেড় লক্ষ পড়ুয়া

সিবিএসই-র যে সকল পড়ুয়া রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক পড়তে চান, তাঁদের ভর্তির ক্ষেত্রেও সমস্যা হতে পারে বলে মনে করছে শিক্ষামহলের একাংশ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ জুন ২০২৬ ০৯:০৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সিবিএসই দ্বাদশের ফলপ্রকাশ হয়েছিল ১৩ মে। পরীক্ষার্থীরা সেই ফলাফলে সন্তুষ্ট হতে পারেননি। পুনর্মূল্যায়নের আবেদন করেছিলেন অনেকেই। কিন্তু একমাসের বেশি সময় পেরিয়ে গেলেও পুনর্মূল্যায়নের ফল হাতে পাননি তাঁরা। এ দিকে উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে আবেদনের সময় পেরিয়ে যাচ্ছে। কার্যত অসহায় সিবিএসই দ্বাদশের পরীক্ষার্থীরা।

Advertisement

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন-এর (সিবিএসই) পুনর্মূল্যায়নের ফলপ্রকাশের অপেক্ষায় রয়েছেন ১.৬ লক্ষের বেশি শিক্ষার্থী। এ দিকে উচ্চ মাধ্যমিক, আইএসসি-র ফল প্রকাশ হয়ে গিয়েছে। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড, রাজ্য জয়েন্ট পরীক্ষার ফলও প্রকাশিত হয়ে গিয়েছে। এমনকি কুয়েট ইউজি-র ফলপ্রকাশও কয়েকদিনের মধ্যেই হতে চলেছে। অর্থাৎ দ্বাদশ শ্রেণির সর্বস্তরের ফল ইতিমধ্যেই প্রকাশ হয়ে গিয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিরও ফলপ্রকাশ হচ্ছে। সর্বভারতীয় জয়েন্ট এন্ট্রান্সের কাউন্সেলিং প্রক্রিয়া চলছে। রাজ্য জয়েন্টের কাউন্সেলিংও শীঘ্রই শুরু হবে।

অথচ, দেশের দেড় লক্ষের বেশি পড়ুয়ায়ই জানেন না তাঁরা ঠিক কত নম্বর পেয়েছেন দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষায়। কারণ, তাঁদের খাতা এখনও পুনর্মূল্যায়নের প্রক্রিয়ায় আটকে।

অভিযোগ, সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়নি কবে পুনর্মূল্যায়নের ফলপ্রকাশ করা হবে। আর এর ফলেই স্নাতক কলেজের আসন হারানোর আশঙ্কা করছেন বহু পড়ুয়া। সম্প্রতি এক্স হ্যান্ডেলে এক শিক্ষার্থী জানিয়েছেন, তিনি পুনর্মূল্যায়নের ফলের জন্য অপেক্ষা করছেন, কিন্তু ইতিমধ্যে তাঁর কলেজের ভর্তি আবেদন বাতিল হয়ে গিয়েছে। অন্য এক পড়ুয়ার অভিযোগ, পুনর্মূল্যায়নের জন্য আবেদন জমা দেওয়ার পর ১২ দিন কেটে গেলেও এখনও পর্যন্ত ফলপ্রকাশের দিনও ঘোষণা হয়নি। আর এক পড়ুয়ার অভিযোগ, সিবিএসই-কে ১০টিরও বেশি ই-মেল পাঠানো হয়েছে। তিনি বোর্ডকে অনুরোধ করেছিলেন, ১২ জুন কলেজের কাউন্সেলিংয়ের আগে তাঁর উত্তরপত্রগুলি দ্রুত পুনর্মূল্যায়ন করার জন্য। তার উত্তর আদৌ এসেছে কি না, তা অবশ্য জানা যায়নি।

গত ৮ জুন সিবিএসই জানিয়েছিল, আবেদন চলাকালীন ১.৬ লক্ষের বেশি পরীক্ষার্থী ৩.৮ লক্ষের বেশি উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছেন। তবে ফলপ্রকাশ সংক্রান্ত কোনও তথ্য কর্তৃপক্ষ দেননি। ফলে আইআইটি, এনআইটি এবং অন্য শীর্ষস্থানীয় ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানে ভর্তি হতে চাওয়া শিক্ষার্থীরা বিপাকে। এ সব প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রয়োজনীয় ‘জয়েন্ট সিট অ্যালোকেশন অথরিটি’ ২০২৬-এর কাউন্সেলিং প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

রাজ্যেও অভিন্ন পোর্টাল মারফৎ কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কলেজে কলেজে কাউন্সেলিং শুরু হয়ে গিয়েছে। সিবিএসই-র যে সব পড়ুয়া রাজ্যের প্রতিষ্ঠান থেকে স্নাতক পড়ার ইচ্ছে রয়েছে, তাঁদের ভর্তির ক্ষেত্রেও সমস্যা হতে পারে বলে মনে করছে শিক্ষামহলের একাংশ।

Advertisement
আরও পড়ুন