Madhaymik Exam 2026

মাধ্যমিকে ফের খাতা ছিঁড়ল পরীক্ষার্থী, অঙ্ক পরীক্ষায় মোবাইল-সহ ধরা পড়ল আট জন

রাজ্যের আটটি জেলা থেকে ৮ পরীক্ষার্থীর ধরা পড়েছে মোবাইল ফোন+সহ। তার মধ্যে রয়েছে কলকাতাও। ঘটল খাতা ছিড়ে ফেলার ঘটনাও।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪৭
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মাধ্যমিক পরীক্ষার হল থেকে ফের উদ্ধার মোবাইল ফোন। সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় ছিল নিরাপত্তার কড়াকড়ি। তবু এড়ান গেল না জালিয়াতি। রাজ্যের আটটি জেলা থেকে ৮ পরীক্ষার্থীর ধরা পড়েছে মোবাইল ফোন+সহ। তার মধ্যে রয়েছে কলকাতাও। ঘটল খাতা ছিড়ে ফেলার ঘটনাও।

Advertisement

পর্ষদের দাবি, কলকাতা, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, আলিপুরদুয়ার, পুরুলিয়া এবং কোচবিহারের একটি করে স্কুল থেকে ৮ পরীক্ষার্থী ধরা পড়েছে মোবাইল ফোন-সহ। এই আটজনের পরীক্ষাই বাতিল করা হয়েছে। এই বছর তাঁরা আর মাধ্যমিকের কোনও পরীক্ষাই দিতে পারবে না।

এ ছাড়া এক পড়ুয়ার খাতা ‘আরএ’ করা হয়েছে। নিরাপত্তার কড়াকড়িতেও এড়ানো গেল না মালদহের অপ্রীতিকর পরিস্থিতি। পর্ষদ সূত্রের খবর, গত বছরের মতো এ বছরও মালদহ জেলাতেই ঘটল পরীক্ষার খাতা ছিঁড়ে ফেলার ঘটনা।

জানা গিয়েছে, পরীক্ষার একেবারে শেষ লগ্নে এসে এক পরীক্ষার্থী উত্তরপত্র ছিঁড়ে ফেলে। ওই পরীক্ষার্থীর গণিত পরীক্ষা বাতিল হলেও বাকি পরীক্ষা দিতে পারবে বলে জানানো হয়েছে।

মাধ্যমিকের চারটি পরীক্ষা হয়েছে এখনও পর্যন্ত। চারটি বিষয়ের পরীক্ষায় মোট ৩৯ জনের কাছ থেকে মোবাইল পাওয়া গিয়েছে। সকলেরই পরীক্ষা বাতিল করা হয়েছে।

এ দিকে, মাধ্যমিকের অঙ্ক নিয়ে একটা উত্তেজনা থাকেই। এ বার প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পরীক্ষার্থীদের মধ্যে। বিভিন্ন জেলা থেকে পড়ুয়াদের অভিযোগ, প্রশ্ন বেশ কঠিন হয়েছে। উপপাদ্য-সহ বেশ কিছু অঙ্ক ঘুরিয়ে এসেছে। আবার অনেকের ব্যাখ্যা, প্রশ্ন ভাল হয়েছে। এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘অন্য বারের তুলনায় এ বছর প্রশ্ন নিয়ে অভিযোগ কম। প্রশ্ন যথেষ্ট ভাল হয়েছে।’’ মাধ্যমিকের গণিত পরীক্ষা হাসপাতাল থেকে দিয়েছে মোট ৬৭জন।

Advertisement
আরও পড়ুন