প্রতীকী ছবি।
দ্বাদশের পর শুরু হয় চিকিৎসাবিদ্যা, আইন, ইঞ্জিনিয়ারিং-সহ নানা বিষয়ে স্নাতক স্তরের পড়াশোনা। তবে, ইচ্ছে থাকলেই সকলের পক্ষে তা সম্ভব হয় না। অনেক সময় ভাল ফল করেও পড়াশোনা ছেড়ে চাকরির পথ বেছে নিতে হয়। একটাই কারণ, পরিবারের অর্থনৈতিক পরিস্থিতি।
সে ক্ষেত্রে কিছু স্কলারশিপ রয়েছে যেগুলির মাধ্যমে পড়াশোনা এগিয়ে নিয়ে যেতে পারেন কোনও পড়ুয়া। রাজ্যে বেশ কিছু স্কলারশিপ রয়েছে যেগুলি উচ্চশিক্ষাই নয়, স্কুল স্তর থেকেও পাওয়া যায়।
স্বামী বিবেকানন্দ মেরিট-কাম-মিনস স্কলারশিপ
এই স্কলারশিপের টাকা প্রতি মাস অনুযায়ী পাওয়া যায়। স্নাতক, স্নাতকোত্তর, এমফিল, পলিটেকনিক, মেডিক্যাল, পিএইচডি স্তরের পড়াশনার সুযোগ এই স্কলারশিপ পাওয়ার সুযোগ থাকে। স্তর অনুযায়ী মাসে ১০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত মাসে টাকা পাওয়া যায়। যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া কী ভাবে সম্পন্ন করবেন তা জানা যাবে svmcm.wb.gov.in এই পোর্টাল থেকে।
কন্যাশ্রী প্রকল্প
তিনটি ধাপে এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে থাকেন পড়ুয়ারা। প্রথম ধাপের স্কলারশিপ মেলে ১৩ থেকে ১৮ বছরের মধ্যে যে সব পড়ুয়া অষ্টম থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ছে তাঁদের। বছরে ১ হাজার টাকা করে পাওয়া যায়। দ্বিতীয় ধাপের স্কলারশিপ পাওয়া যায় ১৮ বছরের ঊর্ধ্বে। তবে সে ক্ষেত্রে উচ্চশিক্ষার নথি জমা দিতে হবেই। এককালীন ২৫ হাজার টাকা দেওয়া হয়। স্নাতকোত্তর অথবা উচ্চশিক্ষার ক্ষেত্রে মাসে ২ থেকে ২,৫০০ টাকা করে দেওয়া হয়। তবে এই স্কলারশিপ পেতে পারেন শুধু ছাত্রীরাই। www.wbkanyashree.gov.in/ এই পোর্টাল থেকে বিস্তারিত জানা যাবে।
ঐক্যশ্রী
রাজ্যের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ স্কলারশিপ। কোর্স অনুযায়ী বার্ষিক ১১,০০০ থেকে ৩৩,০০০ টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে। https://wbmdfcscholarship.in/ এই পোর্টাল থেকে বিস্তারিত জানা যাবে।
ওয়েসিস স্কলারশিপ
এটি শুধুমাত্র রাজ্যের তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং ওবিসি পড়ুয়াদের জন্য। স্কুলের পড়ুয়ারা বছরে আড়াই হাজার টাকা থেকে সাড়ে সাত হাজার টাকা করে পেয়ে থাকে। স্নাতক স্তরে বার্ষিক তিন হাজার থেকে ন’হাজার টাকা পাওয়া যায়। আরও উচ্চশিক্ষার জন্য আরও বেশি টাকা পাওয়ার সুযোগ থাকে। https://oasis.gov.in/ এই পোর্টাল থেকে বিস্তারিত জানা যাবে।
এ ছাড়াও, নবান্ন স্কলারশিপের মাধ্যমেও অর্থনৈতিক সাহায্য পাওয়া যায়। স্টুডেন্টস ক্রেডিট কার্ডের মাধ্যমে লোন নিয়ে পড়ার সুযোগ রয়েছে।