প্রতীকী ছবি।
আগেই প্রকাশিত হয়েছিল চলতি বছরের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট ফর মাস্টার্স (জ্যাম)-এর ফলাফল। এ বার পড়ুয়াদের মেধাতালিকা প্রকাশ করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বম্বে। পাশাপাশি, পরীক্ষার্থীদের নম্বরও (স্কোর কার্ড) প্রকাশ করেছে প্রতিষ্ঠান।
যে সব পড়ুয়া যোগ্যতা অর্জন করেছেন, তাঁরা স্নাতকোত্তর স্তরের ভর্তির আবেদন জানাতে পারবেন। জ্যাম অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেসিং সিস্টেম (জেওএপিএস ২০২৬) পোর্টালের মাধ্যমে আবেদন করা যাবে। ২৭ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র। প্রথম ভর্তির তালিকা ২৫ মে প্রকাশ হতে পারে।
পরীক্ষার্থীদের নম্বর দেখতে হলে, আইআইটি বম্বের ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে জ্যাম ২০২৬ যাওয়া প্রয়োজন। এর পর প্রয়োজনীয় তথ্য পূরণ করে লগ-ইন করলেই নম্বর দেখতে পাওয়া যাবে।
উল্লেখ্য, জ্যাম-এর মাধ্যমে এমএসসি, জয়েন্ট এমএসসি-পিএইচডি, এমএসসি-পিএইচডি ডুয়াল ডিগ্রি, এমএস (রিসার্চ), এমএসসি-এমটেক ডুয়াল ডিগ্রির মতো বিজ্ঞানের নানা ধরনের স্নাতকোত্তর কোর্সে ভর্তির সুযোগ পান পড়ুয়ারা। ভর্তি হতে পারেন দেশের বিভিন্ন আইআইটি এবং আইআইএসসি বেঙ্গালুরুর মতো নামী প্রতিষ্ঠানে।
১৫ ফেব্রুয়ারি দেশ জুড়ে জ্যাম-এর আয়োজন করা হয়। চলতি বছরে দু’টি অর্ধে পরীক্ষা নেওয়া হয়। তিন ঘণ্টা করে মোট ছ’ঘণ্টায় সাতটি বিষয়ে পরীক্ষার আয়োজন করা হয়। প্রথমার্ধের পরীক্ষা হয় সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত। দ্বিতীয়ার্ধের পরীক্ষা দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৫টায় শেষ হয়।