Skill Enhancement Programs 2026

গ্রাফিক্সের কৌশল শেখার সুযোগ, কর্মরত ব্যক্তিদের ক্লাস করাবে আইআইটি হায়দরাবাদ

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), হায়দরাবাদ-এর তরফে কর্মরত ব্যক্তিদের জন্য গ্রাফিক্স-এর কাজের খুঁটিনাটি শেখানো হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৩৯

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

ইন্টারনেট দুনিয়ায় চারুশিল্পের কদর শুধুমাত্র আকর্ষণীয় ছবি বা ভিডিয়ো তৈরিতেই সীমাবদ্ধ নেই। এ বিষয়ে বিশেষজ্ঞেরা ওয়েবসাইট ডিজ়াইন করা কিংবা ভিস্যুয়াল ব্র্যান্ডিং-এর মতো কাজও করে থাকেন। বিভিন্ন কর্পোরেট সংস্থায় এমন বিশেষজ্ঞদের চাহিদা রয়েছে যথেষ্ট। তাই যাঁরা বর্তমানে চাকরি করছেন এবং নিজেদের দক্ষতা বৃদ্ধির কথা ভাবছেন, তাঁদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), হায়দরাবাদ সুযোগ দেবে।

Advertisement

যে কোনও বিষয়ে স্নাতকেরা আইআইটি, হায়দরাবাদ-এর ‘ভিস্যুয়াল ডিজ়াইন অ্যান্ড ইউজ়ার এক্সপেরিয়েন্স’-এর ক্লাসে যোগদান করতে পারবেন। তবে, তাঁদের অন্তত এক বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রতি শনি ও রবিবার ক্লাস করাবেন প্রতিষ্ঠানের অধ্যাপক এবং শিক্ষকেরা।

কী কী বিষয় শেখাবেন?

তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞাপন থেকে শুরু করে জরুরি তথ্য— যে কোনও বিষয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে ঝকঝকে ছবি বা ভিডিয়ো তৈরি করা হয়ে থাকে। কিন্তু সব ধরনের বিষয়কে ওই মাধ্যমের সাহায্য ব্যাখ্যা করার কাজটি যথেষ্ট কঠিন। তাই বিভিন্ন ধরনের বিষয় ভাবনাকে মনোগ্রাহী ডিজ়াইন অর্থাৎ নকশায় রূপান্তরিত করা কিংবা সেই নকশাকে ব্যবহারকারীর চোখে আকর্ষণীয় করে তোলার খুঁটিনাটি শেখানো হবে। এ ছাড়াও গ্রাফিক ডিজ়াইন, ভিস্যুয়াল ব্র্যান্ডিং, ডিজিটাল স্টোরটেলিং-এর মতো বিষয়গুলিতেও দক্ষতা অর্জনের সুযোগ থাকছে। এ ছাড়াও যাঁরা ক্লাস করবেন, তাঁদের পোর্টফোলিও তৈরি করতেও সাহায্য করা হবে।

যোগদানকারীদের সুবিধার্থে সপ্তাহান্তে দু’দিন করে অনলাইনে ক্লাস করানো হবে। ছ’মাসের ক্লাসের মাঝখানে প্রজেক্ট কিংবা প্রেজেন্টেশন সংক্রান্ত বিষয়ের জন্য আইআইটি, হায়দরাবাদের ক্যাম্পাসে যাওয়া আবশ্যক। ক্লাস সম্পূর্ণ হওয়ার পর যোগদানকারীদের একটি রিপোর্ট এবং প্রজেক্ট তৈরি করতে হবে। প্রশিক্ষণ শেষ হলে একটি করে শংসাপত্র পাবেন তাঁরা।

আগ্রহীরা অনলাইনে আইআইটি হায়দরাবাদ-এর ওয়েবসাইট মারফত আবেদনের সুযোগ পাবেন। আবেদনমূল্য হিসাবে ২,০০০ টাকা ধার্য করা হয়েছে। তবে, কোনও সংস্থা থেকে যদি একাধিক কর্মী এই ক্লাসটি করতে চান, ওই সংস্থাকে প্রার্থীদের নাম অনুমোদন করার সুযোগ থাকছে। আবেদনের শেষ দিন ১৪ ফেব্রুয়ারি।

Advertisement
আরও পড়ুন