Bachelor of Cybersecurity

সাইবার সুরক্ষা বিষয়ে স্নাতক ডিগ্রি! নতুন শিক্ষাবর্ষে কারা সুযোগ পাবেন আইআইটি কানপুরে?

সাইবার সুরক্ষায় স্নাতকের কোর্স চালু করা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুরে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জুন ২০২৬ ১৩:৪৮

ছবি: এআই সহায়তায় প্রণীত।

পরীক্ষার্থীর তথ্য ডিজিটাল মাধ্যমের সাহায্যেই সংরক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে। পরীক্ষা দেওয়ার জন্যও ইন্টারনেট নির্ভরশীলতা আগের তুলনায় অনেক বেড়েছে। তারই সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সাইবার অপরাধীর সংখ্যা। তাই সাইবার সুরক্ষা নিয়ে জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ বাড়ছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই ব্যাচেলর অফ সাইবার সিকিউরিটি (বি সাইবার) শীর্ষক ডিগ্রি কোর্স চালু করেছে আইআইটি কানপুর।

Advertisement

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই উল্লিখিত বিষয়টি নিয়ে পড়াশোনার সুযোগ পাবেন আগ্রহীরা। এ জন্য তাঁদের দ্বাদশ উত্তীর্ণ হওয়া আবশ্যক। পাশাপাশি, জয়েন্ট এন্ট্রানস্ এগ্‌জ়ামিনেশন (জেইই) অ্যাডভান্সড-এ পাশ করতে হবে। সাইবার সুরক্ষা নিয়ে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকাও জরুরি।

এ বিষয়ে প্রতিষ্ঠানের অধিকর্তা এবং অধ্যাপক মণীন্দ্র অগরওয়াল জানিয়েছেন, ডিজ়িটাল মাধ্যমকে সুরক্ষিত রাখার জন্য সাইবার দুনিয়ার পরিকাঠামোকে নিরাপদ করে তোলার প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে। জানা গিয়েছে, গতানুগতিক স্নাতকের পাঠ্যক্রমের থেকে এর বিষয়বস্তু আলাদা।

আইআইটি কানপুরের তরফে মোট ৬০টি আসন স্নাতকে বরাদ্দ করা হয়েছে। প্রথম দু’বছর থিয়োরি নির্ভর পড়াশোনা চলবে। পরের দু’বছর ইন্টার্নশিপ পর্বে পড়ুয়ারা বিভিন্ন সংস্থার অধীনে থেকে কাজ শিখতে পারবেন। বাস্তব পরিস্থিতির সাপেক্ষে পড়ুয়াদের জ্ঞান অর্জনের সুযোগ থাকবে।

প্রতিষ্ঠানের ওয়াধওয়ানি স্কুল অফ এআই অ্যান্ড ইন্টালিজেন্ট সিস্টেমস-এর তরফে সাইবার সুরক্ষার ক্লাস করানো হবে। সংশ্লিষ্ট বিভাগের ডিন নীতীন সাক্সেনা জানিয়েছেন, সাইবার দুনিয়ার বিশেষজ্ঞরা পড়ুয়াদের ক্লাস করাবেন। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে আলাদা করে ওই কোর্সে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশিত হবে। জুলাই মাসের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হতে চলেছে।

Advertisement
আরও পড়ুন