১২ ফেব্রুয়ারি থেকে শুরু উচ্চ মাধ্যমিক। ছবি: সংগৃহীত।
১২ ফেব্রুয়ারি স্কুল জীবনের শেষ পরীক্ষা দিতে চলেছে ৭ লক্ষ ১০ হাজার ৮১১ পড়ুয়া। তবে ২০২৫ শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার পদ্ধতিতে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক। তৃতীয় সেমেস্টার এমসিকিউ ভিত্তিক হলেও চতুর্থ সেমেস্টারের ব্যাখ্যামূলক উত্তর লিখতে হবে। মাধ্যমিকের মতো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কড়া নির্দেশিকায়ও এমন কিছু বিষয় রয়েছে, যা না মানলে পরীক্ষা বাতিল হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক পরীক্ষা দিতে যাওয়ার সময় কোন কোন বিষয়ে নজর দেওয়া গুরুত্বপূর্ণ।
প্রথমত, পরীক্ষাকেন্দ্রে কোনও ধরনের মুঠোফোন নিয়ে প্রবেশ করা যাবে না। ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে।
স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটারের মতো কোনও বৈদ্যুতিন যন্ত্র নিয়ে পরীক্ষাকক্ষে প্রবেশ করা যাবে না। নকল করতে গিয়ে ধরা পড়লে পরীক্ষা বাতিল হতে পারে।
এই পরীক্ষায় বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিতে হবে। পরীক্ষা শুরু সকাল ১০টায়, শেষ হবে দুপুর ১২টায়। কিন্তু পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে, অর্থাৎ ৯.৫০ মিনিটে প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে পরীক্ষার্থীরা। তাই সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে তাদের।
দ্বিতীয়ত, চতুর্থ সেমিস্টারে উত্তরপত্রেও বদল এসেছে। পরীক্ষার্থীরা অতিরিক্ত কাগজ নিয়ে উত্তর লিখতে পারবে না।তাই অযথা বেশি লেখা না লিখলেই ভাল।
উত্তর লেখার ক্ষেত্রেও প্রশ্ন বেছে উত্তর লেখার সুযোগ রয়েছে। সংসদ আগেই জানিয়েছে, দ্বিগুণ প্রশ্নের মধ্যে থেকে নিজের পছন্দের প্রশ্ন বেছে উত্তর দিতে পারবে পড়ুয়ারা। অর্থাৎ, চারটি প্রশ্নের মধ্যে থেকে যে কোনও দু’টি বেছে উত্তর দিতে পারবে পরীক্ষার্থীরা।