PhD for Working Professionals 2026

আইআইটি খড়্গপুর থেকে পিএইচডি করার সুযোগ, পূর্ব-অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন কর্মরতেরাও

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর থেকে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কলা-সহ বিভিন্ন শাখার অধীনে পিএইচডি করার সুযোগ দেওয়া হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০২৬ ১৪:৩৯
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। ছবি: সংগৃহীত।

ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং কিংবা বায়োএনার্জি-এর মতো বিষয়ে পিএইচডি করার সুযোগ দিচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) খড়্গপুর। প্রতিষ্ঠানের তরফে একটি বিজ্ঞপ্তিতে ইঞ্জিনিয়ারিং, বিজ্ঞান, কলা-সহ বিভিন্ন শাখার বিষয় নিয়ে পিএইচডি কোর্স সম্পর্কে বিশদ তথ্য প্রকাশিত হয়েছে। কোন কোন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবেন, তার একটি তালিকা দেওয়া হল।

Advertisement

কোন কোন বিভাগের অধীনে পিএইচডি-র সুযোগ?

গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, কৃত্রিম মেধা, এরোস্পেস, এগ্রিকালচারাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড রিজ়িওনাল প্ল্যানিং, জিয়োলজি অ্যান্ড জিয়োফিজ়িক্স, বায়োসায়েন্স অ্যান্ড বায়োটেকনোলজিস, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড সিস্টেমস ইঞ্জিনিয়ারিং, এডুকেশন-সহ বিভিন্ন বিভাগে পিএইচডি কোর্সের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়াও প্রতিষ্ঠানের অ্যাডভান্সড টেকনোলজি ডেভেলপমেন্টস, ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং, স্টিল টেকনোলজি সেন্টার, রাবার টেকনোলজি, পিকে সিংহ সেন্টার ফর বায়োএনার্জি অ্যান্ড রিনিউবেলস, সেন্টার ফর ডিজ়েবিলিটি স্টাডিজ়-এর মতো একাধিক সেন্টার, এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্কুল অফ ওয়াটার রিসোর্সে, স্কুল অফ মেডিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র মতো একাধিক স্কুল থেকে পিএইচডি করার সুযোগ পাবেন আগ্রহীরা।

কারা আবেদন করতে পারবেন?

যে সব পড়ুয়া ইঞ্জিনিয়ারিং, কলা, বাণিজ্য শাখার বিভিন্ন বিষয়ে স্নাতকোত্তর স্তরে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেয়েছেন, তাঁরাই উল্লিখিত বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) কিংবা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক।

চাকরিজীবীদের ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রির পাশাপাশি, দু’বছর থেকে ১৫ বছরের কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকা প্রয়োজন। স্নাতকোত্তর স্তরের পরীক্ষায় তাঁদের ৬০ শতাংশ কিংবা তার বেশি নম্বর থাকতে হবে।

আগ্রহীরা অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনের জন্য সারা বছর পোর্টাল চালু রাখবে আইআইটি, খড়্গপুর। এই বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইটটি দেখে নিতে পারেন।

Advertisement
আরও পড়ুন