প্রতীকী ছবি।
২৮ মে-র কুয়েট ইউজি পিছিয়ে গিয়েছে। ইদের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। ২৮ তারিখ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট ফর আন্ডার গ্র্যাজুয়েট (কুয়েট ইউজি) হওয়ার কথা ছিল দু’টি শিফটে। তবে, নতুন সূচি অনুযায়ী ওই দু’টি শিফটের পরীক্ষা হবে তিন দিন ধরে।
৩১ মে, ৬ এবং ৭ জুন পরীক্ষা নেওয়া হবে। আর ৩১ মে পরীক্ষারই অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে এনটিএ। পরীক্ষার্থীরা এনটিএ-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। এর পর ৬ এবং ৭ জুন পরীক্ষার অ্যাডমিট কার্ডও প্রকাশ করা হবে।
কী ভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?
১। পরীক্ষার্থীদের https://cuet.nta.nic.in/-এর এই ওয়েবসাইটে যেতে হবে।
২। সেখানে ‘কুয়েট ইউজি ২০২৬’ লিঙ্কে ক্লিক করতে হবে।
৩। লিঙ্কে ক্লিক করে পরীক্ষার্থীদের সব তথ্য দিয়ে লগ-ইন করতে হবে।
৪। লগ-ইন করার পরই অ্যাডমিট কার্ড দেখতে পারবেন পরীক্ষার্থীরা।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কোনও সমস্যা হলে বা তাতে কোনও তথ্যের অসঙ্গতি থাকলে, পরীক্ষার্থীরা এনটিএ-এর হেল্পডেস্ক নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ই-মেল করেও সমস্যার কথা জানানো যেতে পারে।
২০২৬-এর কুয়েট ইউজি শুরু হয়েছে ১১ মে থেকে। প্রথমে ৩১ মে-র মধ্যে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে জাতীয় ছুটির কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ার এখন ৭ জুন পরীক্ষা শেষ হবে। কম্পিউটার ভিত্তিক (সিবিটি) পরীক্ষা নেওয়া হচ্ছে। চলতি বছর এই প্রবেশিকার জন্য নাম নথিভুক্ত করেছেন প্রায় ১৫,৬৮,৮৬৬ জন প্রার্থী। দেশের পাশাপাশি বিদেশের ১৫টি শহরেও পরীক্ষার ব্যবস্থা আয়োজন করা হয়েছে। উত্তীর্ণেরা জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়-সহ নানা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন।