গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য অনলাইন ম্যাপের উপর নির্ভর না করাই ভাল। ন্যাশনাল টেস্টিং এজেন্সি-র (এনটিএ) তরফে পরীক্ষার্থীদের এমনই পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের জানানো হয়েছে, অ্যাডমিট কার্ডে দেওয়া ঠিকানার সঠিক পথ নির্দেশ পেতে অনলাইন ম্যাপের সাহায্য নেওয়ার সময় সতর্ক থাকতে হবে।
অভিযোগ, বেশ কিছু কেন্দ্রের জন্য অনলাইনে একাধিক ঠিকানা দেখানো হচ্ছে। এর ফলে পরীক্ষার্থীদের বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে। তাই শুধুমাত্র অনলাইন মাধ্যমের উপর ভরসা করলে পরীক্ষাকেন্দ্রে সময় মতো পৌঁছাতে সমস্যা হতে পারে। তাই নিয়ামক সংস্থার পরামর্শ, বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রের দূরত্ব কত, কতক্ষণ সময় লাগতে পারে— আগে থেকেই জেনে প্রস্তুতি নিতে হবে। না হলে সমস্যায় পড়তে পারেন পরীক্ষার্থীরা।
আগামী ৩ মে পরীক্ষা শুরু হবে বেলা ২টো নাগাদ, চলবে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে হবে বেলা দেড়টার আগে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) এ-ও জানিয়েছে, নির্দিষ্ট সময়ের পর আর কোনও পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। এ ক্ষেত্রে পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ের আগেই পৌঁছে যাওয়ার নির্দেশও দিয়েছে নিয়ামক সংস্থা।
মেডিক্যালের স্নাতকের প্রবেশিকা পরীক্ষা নেওয়া দেশের ৫৫২টি শহর এবং বিদেশের ১৪টি শহরে। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রানস্ টেস্ট ফর আন্ডারগ্র্যাজুয়েটস (নিট ইউজি) পরীক্ষার্থীদের সুবিধার্থেই আগাম সতর্কবার্তা জারি করা হয়েছে বলে দাবি নিয়ামক সংস্থার।