এনএলএসআইইউ, বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।
জনগণের জন্য আইন প্রণয়নের জন্য জননীতি প্রণয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ। বর্তমানে এই বিষয়ে উচ্চশিক্ষার ব্যাপক চাহিদা রয়েছে। দেশের অন্যতম নামী বেঙ্গালুরুর ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি (এনএলএসআইইউ)-র তরফেও করানো হবে এমন একটি কোর্স। ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের এই পাঠক্রমে ভর্তির জন্য আগ্রহীদের থেকে অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের তরফে জননীতি বিষয়ে স্নাতকোত্তর করানো হবে। দু’বছরের কোর্সটির ক্লাস শুরু ১ জুলাই থেকে। শূন্য আসনের সংখ্যা ৬০। এর মধ্যে সংরক্ষিতদের জন্যও বরাদ্দ থাকবে আসন। আন্তঃবিভাগীয় এই পাঠক্রমে পড়ানো হবে সমাজবিজ্ঞান, বিভিন্ন নীতি এবং আইনের নানা বিষয়।
পড়ুয়াদের যে কোনও বিষয়ে স্নাতকে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। যাঁরা স্নাতকে চূড়ান্ত বর্ষে পাঠরত, তাঁরাও আবেদন করতে পারবেন।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদনমূল্যের পরিমাণ সংরক্ষিতদের জন্য ২,০০০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ২,৫০০ টাকা। আগামী ২৩ মার্চ আবেদনের শেষ দিন। বিশ্ববিদ্যালয় আয়োজিত একটি লিখিত প্রবেশিকার মাধ্যমেই সংশ্লিষ্ট কোর্সে ভর্তি নেওয়া হবে। মেধাতালিকা প্রকাশ করা হবে মার্চ-এর শেষে। এ সংক্রান্ত বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।