Kolkata Madhyamik Result

প্রথম ১৩১ জনের একজনও নয় কলকাতার! কোন খামতি তাড়া করছে শহুরে স্কুলগুলিকে?

গত বছর পর্যন্ত ৫০-৬০ জন পরীক্ষার্থীর নম্বর পাওয়া গিয়েছিল প্রথম দশে। কিন্তু এ বার মোট ১৩১ জনকে প্রথম দশে পাওয়া গিয়েছে। অথচ, তার মধ্যে নেই কলকাতার কোনও পড়ুয়া।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ মে ২০২৬ ১৪:৩৫

— প্রতীকী চিত্র।

প্রথম দশে ঠাঁই পায়নি কলকাতার কোনও স্কুল। মাধ্যমিকের ফলপ্রকাশ হতেই দেখা যায় প্রথম দশে রয়েছে ১৩১ জন পরীক্ষার্থী। কিন্তু তাদের একজনও কলকাতার কোনও স্কুলের নয়।

Advertisement

এ বার মাধ্যমিকে কলকাতার পাশের হার ৯১ শতাংশ। কিন্তু মেধাবীদের তালিকায় কলকাতার স্কুলগুলি পিছিয়ে পড়ছে। বিগত কয়েক দশকে দেখা গিয়েছে, মাধ্যমিকের মেধাতালিকায় জেলার স্কুলগুলিরই প্রাধান্য। কিন্তু, এক থেকে দশের মধ্যে কোনও না কোনও স্থানে কলকাতার পড়ুয়ারা থাকেই। এ বার সে স্থান শূন্য।

শিক্ষামহলের প্রশ্ন, তবে কি কোনও খামতি থেকে যাচ্ছে পঠনপাঠনে?

পরিসংখ্যান বলছে, মাধ্যমিক ছাড়া অন্য বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় ভাল ফল করছে কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলি। সেখানে রাজ্য বোর্ডের পরীক্ষায় এই অবস্থা কিসের ইঙ্গিত দিচ্ছে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে।

এ বার মাধ্যমিকের ফলাফল খানিক ব্যতিক্রমী। গত কয়েক বছরে বেড়েছে প্রথম দশে ঠাঁই পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা। গত বছর পর্যন্ত ৫০-৬০ জন পরীক্ষার্থীর নম্বর পাওয়া গিয়েছিল প্রথম দশে। কিন্তু এ বার মোট ১৩১ জনকে প্রথম দশে পাওয়া গিয়েছে। অথচ, তার মধ্যে নেই কলকাতার কোনও পড়ুয়া।

শিক্ষকদের একাংশ যেমন কলকাতার স্কুলগুলির দিকে আঙুল তুলছেন, তেমনই অন্য বোর্ডের প্রতি কলকাতার বাসিন্দাদের আকর্ষণের প্রসঙ্গও উঠে আসছে। শিক্ষকদের দাবি, কলকাতার প্রথম সারির পড়ুয়ারা আর মধ্যশিক্ষা পর্ষদ অধীনস্থ স্কুলে পড়াশোনা করে না।

আবার অনেকেই প্রথম শ্রেণিতে লটারি ব্যবস্থাকে দায়ী করেছেন এ জন্য। অসম প্রতিদ্বন্দ্বিতার কথাও উঠে আসছে শিক্ষকদের কথায়। এমনকি অষ্টম শ্রেণি পর্যন্ত পাশ-ফেল প্রথা তুলে দেওয়ার বিরোধিতাও করছেন কেউ কেউ। কলকাতার এক স্কুলশিক্ষকের কথায়, “কলকাতার আর্থসামাজিক প্রেক্ষাপটে বেশির ভাগ পরিবারই বেসরকারি স্কুলের দিকে ঝুঁকছে। এ দিকে লটারি পদ্ধতিতে ভর্তি নিতে হচ্ছে, ফলে মেধার সঙ্গে আপোস করতে হচ্ছে স্কুলগুলিকে। আবার পাশ-ফেল প্রথা উঠে যাওয়ায় স্কুলগুলিও তেমন উন্নতি করতে পারছে না পঠনপাঠনের ক্ষেত্রে।”

সার্বিক ভাবে মাধ্যমিকের ফলে ব্যাপক প্রভাব পড়ছে। তবে অনেকেই মনে করছেন, উচ্চ মাধ্যমিকে এ চিত্রের খানিক পরিবর্তন হবে।

Advertisement
আরও পড়ুন