portal reopens admit cards

মাধ্যমিকের পথে উচ্চ মাধ্যমিক, পরীক্ষার সাত দিন আগে ফের পড়ুয়াদের জন্য খোলা হল পোর্টাল, দিতে হবে জরিমানা

যে সমস্ত স্কুল শেষ মুহূর্তে পড়ুয়াদের জন্য নাম নথিভুক্তকরণ করবে, তাদের পড়ুয়া পিছু ২০০০ টাকা করে জরিমানা দিতে হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২৮
প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক। পরীক্ষার সাত দিন আগে এখন‌ও যারা অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য আবেদন করেনি, তাদের জন্য খুলতে চলেছে 'এনরোলমেন্ট' পোর্টাল। পাশাপাশি যে সমস্ত স্কুল শেষ মুহূর্তে পড়ুয়াদের জন্য নাম নথিভুক্তকরণ করবে, তাদের পড়ুয়া পিছু ২০০০ টাকা করে জরিমানা দিতে হবে বলে জানিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

Advertisement

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তাদের বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতে তিন দিনের জন্য পোর্টাল খোলা হচ্ছে। যারা একাদশ শ্রেণিতে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে কিন্তু অ্যাডমিট কার্ডের 'এনরোলমেন্ট' করেনি, তারাই এই আবেদন করতে পারবে।

কিন্তু ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ঠিক সময়ে 'এনরোলমেন্ট' না করতে পারার জন্য যে অতিরিক্ত টাকা জরিমানা বাবদ ধার্য করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক মহল। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, "মানুষ বিপদে পড়লে সেটাকে কাজে লাগিয়ে কি ভাবে টাকা আয় করতে হয় তা এই সরকারকে দেখলেই বোঝা যায়। কাউন্সিল যদি ছাত্র-ছাত্রীদের সত্যি উপকার করতে চায় তাহলে কম টাকায় তো এই সুযোগটা দেওয়া যেত।"

স্কুলগুলির বক্তব্য, সব ক্ষেত্রে স্কুলগুলিকে কাঠগড়ায় তুললে হবে না। তারা বারবার ছাত্র-ছাত্রীকে যোগাযোগ করার চেষ্টা করেছে। তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম পূরণ করেনি। তার ফলে এই জটিলতা তৈরি হয়েছে। জেলার স্কুলগুলির ছাত্র-ছাত্রীরা এত টাকা দেবে কি করে! এতে অতিরিক্ত চাপ পড়বে স্কুলগুলির উপরেই।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "জরিমানা আমাদের উদ্দেশ্য নয়। নির্দিষ্ট সময় ও নিয়ম-শৃঙ্খলার মধ্যে থেকে পুরো প্রক্রিয়া যাতে সম্পূর্ণ হয় এবং একজন ছাত্রও যাতে বঞ্চিত না হয় সেটাই আমরা চাইছি। কিছু ক্ষেত্রে স্কুলের গাফিলতি তো আছে। আবার পড়ুয়াদেরও অসহযোগিতা রয়েছে।"

শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হচ্ছে এখনও পর্যন্ত প্রায় ৬ লক্ষ ৪০ হাজার পরীক্ষার্থী অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য তাদের 'এনরোলমেন্ট' প্রক্রিয়া সম্পন্ন করেছে। তারপরেও বিভিন্ন স্কুল জানাচ্ছে, তাদের বেশ কিছু 'এনরোলমেন্ট' প্রক্রিয়া বাকি রয়েছে। আশা করি প্রত্যেকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন করবে।

সংসদের এই নির্দেশিকা নিয়ে শিক্ষক সংগঠন অল পোস্ট গ্র‍্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর রাজ্য সভাপতি মনোজ কুমার মণ্ডল বলেন, "স্কুলগুলি ছাত্র-ছাত্রীদের বারবার নোটিশ দিয়েছে। পরীক্ষার ফর্ম পূরণের জন্য, স্কুল বিমুখ ও কম উপস্থিত হওয়া ছাত্র-ছাত্রীরাই পরীক্ষায় অংশগ্রহণের জন্য 'এনরোলমেন্ট' ফর্ম পূরণ করেনি। এখন এত টাকা 'লেট ফাইন' নিলে স্কুলই টাকা নিচ্ছে বলে ছাত্র-অভিভাবক মহলে ধারণা হবে।"

উল্লেখ্য, মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রও গত মাসে একদিনের জন্য 'এনরোলমেন্ট' পোর্টাল খোলা হয়েছিল। সেখানে শেষ মুহূর্তে ৯৫৪ টি স্কুলের মোট ১৯৬৬ জন পরীক্ষার্থীর নাম নথিভুক্ত করা হয় অ্যাডমিট কার্ডের জন্য। তার মধ্যে ৮৬টি স্কুলের ১০৩ জন পড়ুয়ার অ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি স্কুলগুলি। পরে স্কুলগুলিকে আবার তার অ্যাডমিট কার্ড সংগ্রহের জন্য সময় দেয় পর্ষদ। তারপরেও ৪৫টি স্কুলের ৫০ জন পড়ুয়া অ্যাডমিট কার্ড সংগ্রহ করেনি স্কুলগুলি। তার ফলে এই পড়ুয়ারা আর পরীক্ষায় বসতে পারেনি।

Advertisement
আরও পড়ুন