NEET Re-Exam Security

প্রশ্নপত্র উড়িয়ে নিয়ে যাবে ভারতীয় বায়ুসেনা! নিট ইউজি-র মান রাখতে প্রস্তুতি তুঙ্গে

দ্রুত প্রশ্নপত্র পৌঁছে দেওয়া ছাড়াও পরীক্ষায় নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের জন্য বিশেষ সশস্ত্র বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুন ২০২৬ ১২:৩১

ছবি: এআই সহায়তায় প্রণীত।

প্রশ্নপত্র যাতে সুরক্ষিত ভাবে পরীক্ষার্থীদের কাছে পৌঁছে যায়, তার দায়িত্ব ভারতীয় বায়ুসেনার হাতে। সেনাবাহিনীর বিশেষ বিমানে করে প্রশ্নপত্র ১৮টি সুরক্ষিত কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পরীক্ষাকেন্দ্রে সুরক্ষার ঘেরাটোপে প্রশ্নপত্র পৌঁছেও দেবে বায়ুসেনা।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, এমআই-১৭ হেলিকপ্টার ব্যবহার করা হতে পারে প্রশ্নপত্র পাঠানোর কাজে। এ ছাড়াও পরীক্ষাকেন্দ্রের জন্য আলাদা যানবাহনের ব্যবস্থা করবে বায়ুসেনা। দ্রুত প্রশ্নপত্র পৌঁছে দেওয়া ছাড়াও পরীক্ষায় নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত কাজের জন্য বিশেষ সশস্ত্র বাহিনী মোতায়েন করার পরিকল্পনা করা হয়েছে।

এ ছাড়াও সদ্য যাঁরা নিট পুনঃপরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছেন, তাঁদের নজরবন্দি রাখার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তাঁদের সুরক্ষিত স্থানে মোবাইল, ল্যাপটপ, স্মার্টওয়াচ-এর মতো বৈদুতিন যন্ত্র ছাড়াই থাকতে হবে। দু’সপ্তাহ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারের অনুমতিও দেওয়া হয়নি।

কেন্দ্রের তরফে পরীক্ষার্থীদের স্বার্থে এই সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় বার নিট ইউজি আয়োজনকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই প্রশ্নপত্র তৈরির সঙ্গে যুক্ত সব আধিকারিক এবং কর্মীদের নিরাপত্তার ঘেরাটোপে রেখে পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

৩ মে আয়োজিত নিট ইউজি-তে প্রশ্নফাঁস এবং টোকাটুকির অভিযোগ প্রকাশ্যে আসে। ঘটনার জেরে বাতিল করা হয় পরীক্ষা। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানায়, ২১ জুন নতুন করে পরীক্ষা হতে চলেছে। সেই পরীক্ষার আগেও প্রশ্নফাঁসের অভিযোগ প্রকাশ্যে আসে। যদিও এনটিএ দাবি করে, ‘সম্ভাব্য প্রশ্নপত্র’ সমাজমাধ্যমে বিক্রি করে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ খতিয়ে দেখে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement
আরও পড়ুন