ISI Kolkata 2026

খসড়া বিলের প্রতিলিপি পুড়িয়ে ঐতিহ্য রক্ষার ডাক শিক্ষক-পড়ুয়াদের! আইএসআই-এ অবস্থান বিক্ষোভ

বিক্ষোভকারীদের দাবি, উদ্দেশ্য প্রণোদিত ভাবে একতরফা পঠনপাঠন ও আর্থিক ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছে। যে ভাবে প্রতিষ্ঠানের স্বাধিকার নষ্ট করা হচ্ছে, তা মোটেও সুখকর নয়। এতে পড়াশোনার যেমন ক্ষতি হচ্ছে, তেমনই নষ্ট হচ্ছে প্রাচীন ঐতিহ্য।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২৬ ১৯:১৪
খসড়া বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ

খসড়া বিলের প্রতিলিপি পুড়িয়ে প্রতিবাদ নিজস্ব চিত্র।

এ বার বিতর্কিত আইএসআই-২০২৫ খসড়া বিলের প্রতিলিপি পুড়িয়ে অবস্থান বিক্ষোভ ইন্ডিয়ান স্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট-এ (আইএসআই)। বৃহস্পতিবার ক্যাম্পাসের মূল ফটকের বাইরে শিক্ষক, শিক্ষাকর্মী ও পড়ুয়াদের একাংশ অবস্থান বিক্ষোভ করেন। সকাল ১০টা থেকে প্রায় সন্ধ্যা ৬ টা পর্যম্ত তাঁরা অবস্থানে বসেছিলেন।

Advertisement

‘আইএসআই ওয়ার্কার্স অর্গানাইজেশন’-এর তরফে দাবি করা হয়েছে, এই খসড়া বিলের মাধ্যমে প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধিকার ধ্বংস করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েক দফা দাবিও কেন্দ্র সরকারের কাছে পাঠিয়েছেন সদস্যেরা। খসড়া বিল প্রত্যাহারের দাবিই ছিল প্রধান। কিন্তু সরকারের তরফে এ বিষয়ে কোনও বার্তা দেওয়া হয়নি বলেই অভিযোগ। তাই ক্রমাগত বিক্ষোভ চলছে। এর আগে মার্চে দু’দিন ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরেও মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন পড়ুয়া, শিক্ষক ও শিক্ষাকর্মীদের অনেকে। ২ এপ্রিল সারা দিন বিক্ষোভ দেখালেন তাঁরা।

শিক্ষকেরা বার বার দাবি করে আসছেন, এ বিষয়ে তাঁরা আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে এক তরফা পঠনপাঠন ও আর্থিক ক্ষেত্রে অযাচিত হস্তক্ষেপ করা হচ্ছে। তাঁদের দাবি, যে ভাবে প্রতিষ্ঠানের স্বাধিকার নষ্ট করা হচ্ছে, তা মোটেও সুখকর নয়। এতে পড়াশোনার যেমন ক্ষতি হচ্ছে, তেমনই নষ্ট হচ্ছে প্রাচীন ঐতিহ্য।

বৃহস্পতিবার ওই অবস্থান থেকে বার বার এই প্রতিষ্ঠানের মান ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার দাবি উঠতে থাকে। খসড়া বিল বাতিল করে আলোচনায় বসুক সরকার, এই দাবি সকলেরই।

Advertisement
আরও পড়ুন