প্রতীকী ছবি।
রাজ্যের সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্বনির্ভর (বেসরকারি) শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে স্নাতক স্তরের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য সেন্ট্রালাইজ়ড কাউন্সেলিং-এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগ্জ়ামিনেশনস্ বোর্ড (ডব্লিউবিজেইইবি)।
২৪ মে পরীক্ষা হয়েছিল, ফলপ্রকাশ হয়েছে ১৮ জুন। এ বার মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৯৪,৯০১ জন। এঁদের মধ্যে ৬৭,৩৭৮ জন পুরুষ এবং ২৭,৫২১ জন মহিলা পরীক্ষার্থী ছিলেন। তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থী ছিলেন ২জন। উত্তীর্ণ হয়েছেন, ৯২,৭৫৩জন। এঁদের মধ্যে রাজ্য থেকে পাশ করেছেন ৭৩,৬৬৫জন, রাজ্যের বাইরে থেকে উত্তীর্ণ হয়েছেন ১৯,০৮৮জন।
যোগ্য পরীক্ষার্থীদের জন্য অনলাইন নাম নথিভুক্তকরণ, রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া এবং পছন্দের কলেজ ও চয়েস ফিলিং প্রক্রিয়া চলবে ৩০ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই পরীক্ষার্থীরা নিজেদের পছন্দ পরিবর্তন বা ‘লক’ করতে পারবেন।
কী ভাবে রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং করবেন?
১) প্রথমে ডব্লিউবিজেইইবি-এর অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in অথবা wbjeeb.in-এ যেতে হবে।
২) ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি সেকশনে গিয়ে ‘অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর ডব্লিউবিজেইই কাউন্সেলিং ২০২৬’-এ ক্লিক করতে হবে।
৩) প্রার্থীর ডব্লুবিজেইই অ্যাপ্লিকেশন নম্বর, পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন দিয়ে লগ ইন করতে হবে।
৪) প্রার্থীর পছন্দমতো কলেজ এবং কোর্সের তালিকা অগ্রাধিকারের ভিত্তিতে সাজাতে হবে।
৫) কাউন্সেলিং রেজিস্ট্রেশন ফি (৫০০ টাকা, যা অফেরতযোগ্য) অনলাইনে জমা দিতে হবে এবং নির্ধারিত সময়ের আগে চয়েস লক করতে হবে।
৬) সবশেষে, ভবিষ্যতের প্রয়োজনের জন্য কনফার্মেশন পেজটি ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে রাখা ভাল।
আগামী ৭ জুলাই, ২০২৬ তারিখে প্রথম রাউন্ডের আসন বণ্টনের ফলপ্রকাশ করা হবে। আসন পাওয়ার পর আসন গ্রহণ ফি জমা দিয়ে নির্দিষ্ট অ্যালট হওয়া কলেজে গিয়ে নথিপত্র যাচাইকরণ এবং ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ৭ জুলাই থেকে ১১ জুলাইয়ের মধ্যে। দ্বিতীয় রাউন্ডের জন্য নতুন করে রেজিস্ট্রেশন ও চয়েস ফিলিং করা যাবে ১৩ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত। এই রাউন্ডের সিট অ্যালটমেন্টের ফলাফল প্রকাশিত হবে ২১ জুলাই।
বোর্ডের পক্ষ থেকে শিক্ষার্থীদের সতর্ক করা হয়েছে, রেজিস্ট্রেশনের সময় কোনও ভুল তথ্য দিলে বা নির্ধারিত সময়ে নথিপত্র যাচাই না করালে আসন বাতিল হয়ে যেতে পারে ।