WB Assembly Elections 2026

‘চুনাও কা পর্ব...’, ভোটারদের বুথমুখী করতে এ বার সক্রিয় নির্বাচন কমিশন, হাওড়া থেকে শুরু সচেতনতা কর্মসূচি

বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটারদের সচেতনতা বাড়াতে শুক্রবার হাওড়ায় এসভিইউপি (সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন) কর্মসূচির আয়োজন করল নির্বাচন কমিশন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ১৯:২১
Ahead assembly election in West Bengal, ECI conducts Mega SVEEP outreach events in Howrah

নির্বাচন কমিশনের ভোটার সচেতনতা কর্মসূচি। ছবি: সংগৃহীত।

‘চুনাও কা পর্ব, পশ্চিমবঙ্গ কা গর্ব’— এই স্লোগান সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যে ভোটারদের সচেতনতা বাড়াতে উদ্যোগী হল ভারতের নির্বাচন কমিশন। সেই পরিকল্পনার অংশ হিসেবেই শুক্রবার হাওড়ায় আয়োজন করা হল এসভিইউপি (সিস্টেমেটিক ভোটার এডুকেশন অ্যান্ড ইলেক্টোরাল পার্টিসিপেশন) কর্মসূচির। এই কর্মসূচিতে ছিলেন নির্বাচন কমিশনের ডিরেক্টর জেনারেল (মিডিয়া) আশিস গোয়েল, ডেপুটি ডিরেক্টর অপূর্বকুমার সিংহ, অতিরিক্ত সিইও অরিন্দম নিয়োগী এবং ডেপুটি সিইও সুব্রত পাল।

Advertisement

শুক্রবার সকালে হাওড়া ব্রিজ চেকপোস্ট থেকে শুরু হয় একটি সাইকেল র‍্যালি। যার পোশাকি নাম সাইক্লোথন। রেল মিউজ়িয়াম হয়ে রামকৃষ্ণপুর ফেরিঘাটে গিয়ে শেষ হওয়া এই র‍্যালিতে স্কুল-কলেজের ছাত্রছাত্রী, প্রথম বারের ভোটার এবং বিভিন্ন স্তরের সরকারি আধিকারিকেরা অংশগ্রহণ করেছিলেন। সাইকেল র‍্যালির পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ভোটের গুরুত্ব তুলে ধরা হয়। লোকগান, নৃত্য ও নাটকের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ভোটদানের বার্তা পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি, ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ নৌকা পরিষেবাও চালু করা হয়।

শুক্রবারের এই কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় অ্যানিমেশন চরিত্র ‘ছোটা ভীম’ ও ‘চুটকি’র উপস্থিতি। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল ভোটারদের সচেতন করা, ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য দেওয়া এবং সর্বোচ্চ ভোটদানের হার নিশ্চিত করা। এ ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে যুব সম্প্রদায়, মহিলা, শহুরে ভোটার এবং প্রথম বারের ভোটারদের উপর। এ ছাড়া, বাংলার সমৃদ্ধ লোকসংস্কৃতি— যেমন পটচিত্র, ছৌ নাচ, যাত্রা ও বাউল—ব্যবহার করে সচেতনতা প্রচার চালানো হবে। নতুন প্রযুক্তিগত ব্যবস্থার মধ্যে রয়েছে ইসিআইনেট অ্যাপ, ১০০ শতাংশ ওয়েবকাস্টিং এবং উন্নত ভোটার তথ্য স্লিপ।

Advertisement
আরও পড়ুন