TMC Councillor Arrest Case

মেয়ের বিয়ে, অন্তর্বর্তী জামিন পেলেন পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর উপর হামলার অভিযোগে ধৃত তৃণমূল কাউন্সিলর নাড়ু

বর্ধমানের সদরঘাট এলাকার বাড়ি থেকে কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ২৪ মার্চ রাতে তেজগঞ্জ এলাকার এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার সময় তিনি উপস্থিত ছিলেন। তাঁর নেতৃত্বেই হামলা চলে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ মে ২০২৬ ২১:১৭
TMC Councillor Arrest Case

গত ২৭ এপ্রিল গ্রেফতার হন তৃণমূল কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। —ফাইল চিত্র।

শর্তসাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেলেন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপর হামলায় অভিযুক্ত তৃণমূলের কাউন্সিলর নাড়ুগোপাল ভকত। তবে ওই একই মামলায় বাকি তিন ধৃতের জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। তাঁদের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার ধৃতদের আবার আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement

অন্য দিকে, জামিনের শর্ত হিসাবে অভিযুক্ত কাউন্সিলরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে। তা ছাড়াও মামলার নথিপত্র এবং সাক্ষীদের প্রভাবিত না করার শর্তও জামিনের আদেশে উল্লেখ করা হয়েছে।

গত ২৭ এপ্রিল ভোরে বর্ধমানের সদরঘাট এলাকার বাড়ি থেকে কাউন্সিলরকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, গত ২৪ মার্চ রাতে তেজগঞ্জ এলাকার এক বিজেপি কর্মীর বাড়িতে হামলার সময় তিনি উপস্থিত ছিলেন। তাঁর নেতৃত্বেই হামলা চলে। খবর পেয়ে সেখানে পৌঁছোলে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী যায়। তাঁদের উপরেও হামলা চালানো হয়।

ওই ঘটনার বর্ধমান থানার অধীনস্থ নতুনগঞ্জ আউটপোস্টের ওসি বিশ্বনাথ দাস অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়। কাউন্সিলরকে গ্রেফতারের পর ঘটনায় জড়িত থাকার অভিযোগে সঞ্জয় কর্মকার, করণ সাউ এবং শেখ ইসমাইলকে গ্রেফতার করা হয়। শনিবার জামিনের সওয়ালে কাউন্সিলরের আইনজীবী বলেন, ‘‘কাউন্সিলরের মেয়ের বিয়ে রয়েছে ৫ তারিখ। মেয়ের বিয়ের অনুষ্ঠানে বাবার উপস্থিতির প্রয়োজন।’’ সেই সংক্রান্ত প্রমাণ আদালতে পেশ করা হয়। সব দিক খতিয়ে দেখে কাউন্সিলরের শর্তাধীন জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

Advertisement
আরও পড়ুন