WB Elections 2026

টিকিট দেয়নি তৃণমূল! দলত্যাগের ঘোষণা করার ২৪ ঘণ্টার মধ্যে কংগ্রেসে ফিরলেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক, মিলবে কি প্রার্থিপদ?

এ বারের বিধানসভা ভোটে ৭৪ জন বিদায়ী বিধায়ককে টিকিট দেয়নি তৃণমূল। সেই তালিকায় রয়েছেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক আব্দুরও। কংগ্রেসও বাদুড়িয়া আসনে এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করেনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ১৭:৫৭
(বাঁ দিক থেকে) বাদুড়িয়ার বিধায়ক কাজি আব্দুর রহিম, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

(বাঁ দিক থেকে) বাদুড়িয়ার বিধায়ক কাজি আব্দুর রহিম, প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ছবি: সংগৃহীত।

তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরলেন উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক কাজি আব্দুর রহিম (দিলু)। রবিবারই সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেন আব্দুর। তার ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে গিয়ে যোগ দিলেন কংগ্রেসে। সোমবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক গোলাম আহমেদ মীরের উপস্থিতিতে কংগ্রেসে ফেরেন তিনি।

Advertisement

এ বারের বিধানসভা ভোটে ৭৪ জন বিদায়ী বিধায়ককে টিকিট দেয়নি তৃণমূল। সেই তালিকায় রয়েছেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক আব্দুরও। ঘটনাচক্রে, রবিবারই কংগ্রেস রাজ্যের বিধানসভা ভোটের প্রথম প্রার্থিতালিকা প্রকাশ করেছে। প্রথম তালিকায় ২৮৪ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এখনও বাকি রয়েছে ১০টি আসন, তার মধ্যে অন্যতম বাদুড়িয়া। এই আসনে এখনও পর্যন্ত কোনও প্রার্থী ঘোষণা করেনি কংগ্রেস। সূত্রের খবর, বাদুড়িয়া থেকে কংগ্রেসের টিকিটে প্রার্থী হতে পারেন আব্দুর।

আব্দুরের জায়গায় এ বার বাদুড়িয়া থেকে তৃণমূল প্রার্থী করেছে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার সভাপতি বুরহানউল মুকাদ্দিন (লিটন)-কে। সূত্রের খবর, টিকিট না পাওয়ার পর তৃণমূলের সঙ্গে প্রায় দূরত্ব তৈরি করে নিয়েছিলেন আব্দুল। দল ছাড়ার কথা রবিবার আনুষ্ঠানিক ভাবে ঘোষণাও করে দেন বিদায়ী বিধায়ক।

ফেসবুকে দীর্ঘ পোস্ট করে তৃণমূল ছাড়ার কারণও উল্লেখ করেন বাদুড়িয়ার বিদায়ী বিধায়ক। তিনি লেখেন, ‘বারবার অন্যায় ও অবিচারের বিরুদ্ধে কথা বলেও কোনও কার্যকর পদক্ষেপ না হওয়ায় আমি মানসিক ভাবে অত্যন্ত ব্যথিত। আমি কখনও আপসের রাজনীতি করিনি, আর ভবিষ্যতেও করব না।’ তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কাছে পাঠানো ইস্তফাপত্রও সমাজমাধ্যমে পোস্ট করেন তিনি। এর ২৪ ঘণ্টার মধ্যেই দিল্লিতে গিয়ে কংগ্রেসে যোগ দিলেন তিনি।

২০১৬ সালে কংগ্রেসের টিকিটেই বাদুড়িয়ার বিধায়ক হয়েছিলেন আব্দুর। তাঁর বাবা কাজি আব্দুল গফ্‌ফরও ছিলেন উত্তর ২৪ পরগনা জেলার রাজনীতিতে এক অন্যতম বড় নাম। দীর্ঘ দিন বাদুড়িয়ায় কংগ্রেসের বিধায়ক ছিলেন তিনিও। পরবর্তী সময়ে তাঁর পুত্র আব্দুর কংগ্রেসের বিধায়ক হন। তবে ২০২১ সালের বিধানসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যান আব্দুর। তৃণমূলের টিকিটে লড়ে ২০২১ সালে ফের বাদুড়িয়ার বিধায়ক হন তিনি। তবে এ বারে আর টিকিট পাননি। সোমবার কংগ্রেসে এই যোগদানকে ‘ঘরে ফেরা’ বলেই ব্যাখ্যা করছেন আব্দুর।

Advertisement
আরও পড়ুন