West Bengal Election 2026

বুথমুখী রাস্তায় থাকবে সিসি ক্যামেরা! ভোট গ্রহণ কেন্দ্রের ১০০ মিটার চৌহদ্দিতে আরও কড়া নজরদারি দ্বিতীয় দফায়

সিইও মনোজ অগ্রবাল জানিয়েছেন, ভোটদানে কেউ বাধা দিলে কড়া পদক্ষেপ করা হবে। কাকদ্বীপের বৈঠকে সব রাজনৈতিক দলকে সে কথা জানানো হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৬ ১৭:০২

— প্রতীকী চিত্র।

শুধু বুথ নয়, বুথের ১০০ মিটারের মধ্যেও নজরদারি আরও কড়া করল নির্বাচন কমিশন। এখন বুথমুখী ১০০ মিটার রাস্তায় থাকবে সিসি ক্যামেরা। এত দিন বুথের মধ্যে একটি এবং বাইরে একটি করে সিসি ক্যামেরা বসানো থাকত। এ বার বুথমুখী রাস্তাতেও বসবে সিসি ক্যামেরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার অগ্রবাল কাকদ্বীপে জানিয়েছেন, বুথের ১০০ মিটার এলাকায় অনুমতি নেই, এমন কেউ প্রবেশ করতে পারবেন না। সেটি ‘সিএপিএফ এলাকা’ বলে চিহ্নিত করা হবে। ভোটকর্মীদের জন্য খাবার বা জল নিয়ে বুথে যেতে হলে ডিএমের ছাড়পত্র লাগবে।

Advertisement

মনোজ রবিবার সকালে কাকদ্বীপে যান। সকাল সাড়ে ৯টা নাগাদ হেলিকপ্টারে করে তিনি কাকদ্বীপের স্টিমারঘাটের হেলিপ্যাডে নামেন। সেখান থেকে সরাসরি কাকদ্বীপ মহকুমা শাসকের দফতরে যান তিনি। সকাল ১০টা নাগাদ মহকুমা শাসকের দফতরে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব উপস্থিত ছিলেন। আসন্ন নির্বাচন যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, তা নিশ্চিত করাই ছিল বৈঠকের মূল উদ্দেশ্য, জানিয়েছেন মনোজ। বৈঠক থেকে বেরিয়ে তিনি বলেন, ‘‘প্রার্থীদের সঙ্গে কথা বললাম। ওঁদের আশঙ্কার কথা শুনলাম। রাজ্যে ভোট হবে অবাধ। ভুয়ো ভোট, হুমকি— এ সব হতে দেব না।’’ তার পরেই মনোজ ভোটারদের উদ্দেশে বলেন, ‘‘আশ্বস্ত করছি, ভোট দিন। ভোটদানের হার যাতে ৯০ শতাংশের বেশি হয়, তা নিশ্চিত করুন। এটা আপনার সাংবিধানিক অধিকার।’’ সিইও জানিয়েছেন, ভোটদানে কেউ বাধা দিলে কড়া পদক্ষেপ করা হবে। সব রাজনৈতিক দলকে সে কথা জানানো হয়েছে।

মনোজ জানিয়েছেন, বুথে বুথে সিসি ক্যামেরা রয়েছে। অভিযোগ জমা পড়লে ঘটনার সময় এবং তার আগে ও পরের ফুটেজ দেখা হবে। বুথের ১০০ মিটারের মধ্যে অনুমতি নেই, এমন কেউ প্রবেশ করতে পারবেন না। বুথের আশপাশে সরু গলিতে টহলের জন্য পুলিশ, সিএপিএফ বাইক চালানোর অনুমতি চেয়েছিল। তা দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন