Asansol Death Case

‘ভোট পরবর্তী হিংসা’ আসানসোলে! কংগ্রেস প্রার্থীর ঘনিষ্ঠকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম দেবদীপ চট্টোপাধ্যায়। তিনি আসানসোল উত্তর বিধানসভা এলাকায় অনন্যা কমপ্লেক্স নামে একটি আবাসনের বাসিন্দা। ওই একই আবাসনে থাকেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৬ ১৭:৩৭
Asansol Death Case

দেবদীপ চট্টোপাধ্যায়কে জখম অবস্থায় পাওয়া যায় তিনি যে আবাসনে থাকতেন, তার সামনে। —নিজস্ব চিত্র।

রক্তপাতহীন ভাবে ভোট মিটেছে। কিন্তু ভোটের পরেই রাজনৈতিক হিংসার অভিযোগ উঠল পশ্চিম বর্ধমানের আসানোসোল উত্তর বিধানসভা এলাকায়। কংগ্রেস প্রার্থীর প্রতিবেশী তথা ঘনিষ্ঠকে পিটিয়ে মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসকদল। এ পর্যন্ত তিন জনকে আটক করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম দেবদীপ চট্টোপাধ্যায়। বয়স ৪২ বছর। আসানসোল উত্তর বিধানসভা এলাকায় অনন্যা কমপ্লেক্স নামে একটি আবাসনের বাসিন্দা তিনি। ওই একই আবাসনে থাকেন কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পুইতন্ডি। কংগ্রেসের দাবি, দেবদীপ প্রসেনজিতের প্রতিবেশী এবং বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত দেবদীপকে ভোট মিটে যাওয়ার পরেই ‘নিশানা’ করেছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। শুক্রবার গভীর রাতে আবাসনের কাছেই তাঁর উপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়েছিল। শনিবার সকালে মারা যান তিনি।

ওই মৃত্যুতে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কংগ্রেসের দাবি, ‘‘এটি পুরোপুরি ভোট পরবর্তী হিংসা।’’ কংগ্রেস প্রার্থী প্রসেনজিতের নেতৃত্বে অনন্যা কমপ্লেক্স আবাসনের বাসিন্দারা দেহ নিয়ে আসানসোল দক্ষিণ পুলিশফাঁড়িতে চলে যান। সেখানে দীর্ঘ ক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। আসানসোল দক্ষিণের কংগ্রেস প্রার্থী বলেন, “আমাদের সোসাইটির অধিকাংশ মানুষ কংগ্রেসকে ভোট দিয়েছেন। সেই কারণে পরিকল্পিত ভাবে এই হামলা চালানো হয়েছে।” তিনি আরও বলেন, ‘‘দোষীদের দ্রুত গ্রেফতার না করলে বৃহত্তর আন্দোলনে নামবে কংগ্রেস।’’ মৃতের স্ত্রী পিয়ালী চট্টোপাধ্যায় কাঁদতে কাঁদতে বলেন, ‘‘আমি বিচার চাই।’’

ইতিমধ্যে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়েছেন আবাসন কর্তৃপক্ষ। পুলিশি আশ্বাসে বিক্ষোভ থামে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

দেবদীপের মৃত্যুতে তৃণমূল প্রার্থী মলয় ঘটক থেকে বিজেপির কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, উভয়ই তদন্তের দাবি জানিয়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতারের কথা বলেছেন। তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক ভি শিবদাসন দাসু বলেন, ‘‘কংগ্রেস পশ্চিমবঙ্গে কোনও ফ্যাক্টরই নয়। পুলিশ তদন্ত করে দেখুক। দোষীদের গ্রেফতার করুক।’’

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল) আব্দুল গফর বলেন, ‘‘অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।’’ সিসিটিভি ফুটেজ দেখে তিন জনকে আটক করেছে পুলিশ। তবে তাঁরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কি না, জানা যায়নি। এখন ওই এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশবাহিনী।

Advertisement
আরও পড়ুন