West Bengal Assembly Election 2026

ভোটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের ফোন সর্বদা সচল রাখতে হবে, না-হলে কঠোর পদক্ষেপ, জানাল কমিশন

কমিশনের নির্দেশে এ-ও বলা হয়েছে যে, ভোটার এবং প্রার্থীরা সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে না-পারলে তা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে গুরুতর অবহেলা হিসাবে বিবেচিত হবে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৭:১৮
ভোটকেন্দ্রের দিকে রওনা এক ভোটকর্মীর। বুধবার বালুরঘাটে।

ভোটকেন্দ্রের দিকে রওনা এক ভোটকর্মীর। বুধবার বালুরঘাটে। ছবি: পিটিআই।

ভোটের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সর্বদা ফোন খোলা রাখতে হবে। ফোন বন্ধ থাকা বা না-ধরার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। রাজ্যে প্রথম দফার ভোটের এক দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানাল নির্বাচন কমিশন।

Advertisement

কমিশনের তরফে জানানো হয়েছে, সব ধরনের পর্যবেক্ষক, জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও), পুলিশ সুপার, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসারকে নিজেদের ফোন নম্বর ডিইও ওয়েবসাইটে তুলতে হবে। কমিশনের নির্দেশ, এই সমস্ত আধিকারিকদের ফোন বন্ধ রাখা চলবে না। তাঁদের সব ফোন ধরতে হবে। ফোনে চার্জ রাখার উপযুক্ত ব্যবস্থাও তাঁদের রাখতে হবে বলে জানিয়েছে কমিশন।

কমিশনের নির্দেশে এ-ও বলা হয়েছে যে, ভোটার এবং প্রার্থীরা সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে না-পারলে তা নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে গুরুতর অবহেলা হিসাবে বিবেচিত হবে। জেলা নির্বাচনী আধিকারিকেরা নির্বাচনের সঙ্গে যুক্ত আধিকারিকদের মোবাইল নম্বর দেওয়ার বিষয়টি সুনিশ্চিত করবেন। রাজ্য, জেলা ও বিধানসভা কেন্দ্রের কন্ট্রোল রুমের ফোন নম্বরও প্রচার করতে হবে। কমিশনের তরফে জানানো হয়েছে, ভোটের পরের দিন পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে।

Advertisement
আরও পড়ুন