SIR in West Bengal

চতুর্থ ভোটার তালিকা প্রকাশ করল কমিশন, রয়েছে দু’লক্ষ ভোটারের নাম, বাদের তালিকায় কত জন, স্পষ্ট নয় এখনও

চতুর্থ অতিরিক্ত ভোটার তালিকায় রয়েছে দু’লক্ষের নাম। অবশ্য, ‘বিবেচনাধীন’ ভোটারদের মধ্যে কত জনের নাম বাদ পড়ল, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ২২:২৯

—প্রতিনিধিত্বমূলক ছবি।

পশ্চিমবঙ্গের চতুর্থ অতিরিক্ত ভোটার তালিকা (চূড়ান্ত তালিকা ধরে মোট পাঁচটি) প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায় রয়েছে দু’লক্ষের নাম। অবশ্য, ‘বিবেচনাধীন’ ভোটারদের মধ্যে কত জনের নাম বাদ পড়ল, তা এখনও স্পষ্ট নয়। কমিশন সূত্রে খবর, তালিকায় থাকা ৪০ থেকে ৪৫ শতাংশ ভোটারের নাম বাদ পড়েছে।

Advertisement

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর পর ২৮ ফেব্রুয়ারি রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকার প্রাথমিক অংশ প্রকাশ করেছিল কমিশন। এর পর গত ২৩ মার্চ প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করে তারা। শুক্রবার গভীর রাতে প্রকাশিত হয় দ্বিতীয় অতিরিক্ত তালিকাও। শনিবার প্রকাশিত হয় তৃতীয় অতিরিক্ত তালিকা। সেই হিসাবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পর পর তিন দিন তিনটি অতিরিক্ত তালিকা প্রকাশ করল কমিশন।

গত সোমবার (২৩ মার্চ) বিবেচনাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ হয়। কমিশন জানায়, সে দিনের তালিকায় ২৭ লক্ষের কাছাকাছি নাম প্রকাশ করা হয়েছিল। দ্বিতীয় অতিরিক্ত তালিকার সময়ে নিষ্পত্তি হয়েছিল প্রায় ৩৭ লক্ষের নাম। কমিশন সূত্রে খবর, শনিবার পর্যন্ত নিষ্পত্তি হয়েছে প্রায় ৩৮ লক্ষ ভোটারের তথ্য।

তবে যাঁদের নিষ্পত্তি হয়ে গিয়েছে, তাঁদের মধ্যে কত জনের নাম বৈধ ভোটার হিসাবে জুড়েছে এবং কত জন বাদ পড়েছেন, তা আলাদা ভাবে প্রকাশ্যে আনেনি কমিশন।

২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল কমিশন। তখন বিবেচনাধীন ভোটার ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫। এই তালিকা ৭০৫ জন বিচারক নিষ্পত্তি করছেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নিষ্পত্তি হওয়া তালিকা ধাপে ধাপে বার করার কথা জানিয়েছে কমিশন।

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) শুরু হওয়ার আগে ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯। খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ নাম। সেই তালিকায় নাম ছিল ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬৩০ জনের। গত ২৮ ফেব্রুয়ারি রাজ্যে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। সেই তালিকায় বাদ পড়ে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বাদের হিসাব দাঁড়ায় ৬৩ লক্ষ ৬৬ হাজার ৯৫২ জনে।

Advertisement
আরও পড়ুন