WB Elections 2026

ওয়েবক্যামে ‘অনিয়ম’, ২০২১ ও ২০২৪ সালে বহু বুথে ‘কিছুই রেকর্ড হয়নি’! এ বার বাইরের রাজ্যের সংস্থা নিয়োগ কমিশনের

কমিশন সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা ভোট এবং ২০২৪ সালের লোকসভা ভোটের সময়ের রেকর্ডিংগুলি খতিয়ে দেখা হচ্ছিল। সেই সময়েই দেখা যায়, প্রায় ৩০ শতাংশ ক্যামেরায় কোনও রেকর্ডিংই নেই।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ১৫:১৪
নির্বাচনের সময়ে ভোটগ্রহণ কেন্দ্র।

নির্বাচনের সময়ে ভোটগ্রহণ কেন্দ্র। ছবি: এআই সহায়তায় প্রণীত।

গত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের সময় বুথের মধ্যে লাগানো ওয়েবক্যামে ‘অনিয়ম’ হয়েছে বলে অভিযোগ তুলল কমিশন। ওই দুই নির্বাচনের সময়ে বহু ক্যামেরায় কিছুই রেকর্ড হয়নি বলে অভিযোগ করছে তারা। তাই এত দিন যে সংস্থার সঙ্গে চুক্তি ছিল, তা বাতিল করে দিয়েছে কমিশন। পরিবর্তে ওয়েবক্যাম সরবরাহের জন্য বাইরের রাজ্যের তিন সংস্থাকে নিয়ে আসছে তারা।

Advertisement

জানা যাচ্ছে, গত দুই নির্বাচনে ব্যবহার হওয়া ক্যামেরার রেকর্ডিং খতিয়ে দেখার সময়েই এই অসঙ্গতি ধরা পড়ে। তার পরে ওয়েবক্যাম সরবরাহকারী সংস্থা বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশন সূত্রে খবর, ২০২১ সালের বিধানসভা ভোট এবং ২০২৪ সালের লোকসভা ভোটের সময়ের রেকর্ডিংগুলি খতিয়ে দেখা হচ্ছিল। সেই সময় দেখা যায়, প্রায় ৩০ শতাংশ ক্যামেরায় কোনও রেকর্ডিং নেই। আরও প্রায় ৩০ শতাংশ ক্যামেরায় ভোটগ্রহণ পর্ব শুরুর আধ ঘণ্টা এবং শেষের আধ ঘণ্টার মতো ফুটেজ পাওয়া গিয়েছে। ভোটগ্রহণ পর্বের বাকি সময়ের কোনও রেকর্ডিং ছিল না তাতে।

বিষয়টি নজরে আসার পরেই নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়ার জন্য টেন্ডার ডাকা হয়। ওই টেন্ডারের মাধ্যমে বাইরের রাজ্যের তিন সংস্থাকে বেছে নিয়েছে কমিশন। আসন্ন বিধানসভা নির্বাচনে ভিন্‌রাজ্যের ওই তিন সংস্থাই ওয়েবক্যাম সরবরাহ করবে কমিশনকে।

কমিশন সূত্রের দাবি, ওই ক্যামেরাগুলির মধ্যে অনেকগুলিই ‘স্পর্শকাতর বুথে’ বসানো ছিল। এর মধ্যে কিছু ক্ষেত্রে ভোটগ্রহণের দিন অশান্তির অভিযোগও উঠে এসেছিল। ফলে পর্যাপ্ত ফুটেজ না থাকায় ওই অভিযোগগুলি যাচাই করতেও সমস্যায় পড়তে হয়েছে কমিশনকে। সূত্রের দাবি, এই সকল বিষয় বিবেচনা করে নতুন সংস্থাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা যাচ্ছে, নতুন পরিকল্পনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ভিতরে এবং বাইরে— উভয় জায়গাতেই ওয়েবক্যাম বসানোর পরিকল্পনা রয়েছে কমিশনের। বিশেষ করে ‘স্পর্শকাতর’ এলাকাগুলিতে এই নজরদারি আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে কমিশনের।

রবিবারই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে কমিশন। ২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল। প্রথম দফায় ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ আসনে। গণনা হবে আগামী ৪ মে।

Advertisement
আরও পড়ুন