West Bengal Assembly Election 2026

রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণের পিতৃবিয়োগ, ভোটের আগে শোকাচ্ছন্ন এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট

বিধানসভা ভোটের মুখে গত মাসের শেষের দিকে তৃণমূলে যোগ দিয়েছিলেন স্বপ্না। কলকাতার তৃণমূল ভবনে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন মন্ত্রী ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ১২:৩৯
রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণ।

রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণ। —ফাইল চিত্র।

জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণের পিতৃবিয়োগ। স্বপ্নার বাবা পঞ্চানন বর্মণ গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। শিলিগুড়ির একটি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন স্বপ্না দ্রুত আরোগ্যকামনায় পুজোও দিয়েছিলেন। শনিবার ভোরে পঞ্চাননের মৃত্যু হয়। ভোটের আগে বাবাকে হারিয়ে শোকাচ্ছন্ন এশিয়াডে সোনাজয়ী অ্যাথলিট।

Advertisement

বিধানসভা ভোটের মুখে গত মাসের শেষের দিকে তৃণমূলে যোগ দিয়েছিলেন স্বপ্না। কলকাতার তৃণমূল ভবনে তাঁর হাতে দলের পতাকা তুলে দেন মন্ত্রী ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্য। তার পর গত মঙ্গলবার তৃণমূল রাজ্যের ২৯১টি বিধানসভা আসনে প্রার্থীর নাম ঘোষণা করে। রাজগঞ্জ থেকে স্বপ্নাকে টিকিট দেয় শাসকদল। তিনি প্রচারও শুরু করেছিলেন। কিন্তু বাবার অসুস্থতা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন স্বপ্না। শেষরক্ষা হল না।

২০১৮ সালের এশিয়াডে সোনা জিতেছিলেন স্বপ্না। তবে চোটের কারণে তার পর খেলা ছেড়ে দেন। বর্তমানে রেলে চাকরি করেন। স্বপ্না রাজবংশী সম্প্রদায়ভুক্ত হওয়ায় তাঁকে টিকিট দিয়ে ওই ভোটব্যাঙ্ক টানার অঙ্ক কষেছে তৃণমূল। স্বপ্নাও তৃণমূলে যোগ দিয়ে জানিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত। সাধারণ মানুষের জন্য কাজ করতে এই দলকে বেছে নিয়েছেন। তবে স্বপ্নাকে টিকিট দেওয়ায় জলপাইগুড়ি জেলা তৃণমূলের একাংশে ক্ষোভ রয়েছে। সেখানকার বিদায়ী বিধায়ক খগেশ্বর রায় প্রার্থিতালিকা ঘোষণা হতেই দলীয় পদ থেকে ইস্তফা দেন। তাঁদের কেন্দ্র রাজগঞ্জে প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণ হবে। ভোটের মুখে পিতৃবিয়োগে মানসিক ভাবে বিধ্বস্ত ক্রীড়াবিদ।

Advertisement
আরও পড়ুন