West Bengal Elections 2026

তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ

বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অশোক কীর্তনিয়া শহরের ১৪ নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লিতে প্রচার করছিলেন। অভিযোগ, সে সময়ে ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধি (কাউন্সিলর) পাপাই রাহার নেতৃত্বে ওই দলের কিছু কর্মী প্রচারে বাধা দেয় এবং বিজেপি কর্মীদের মারধর করে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ০৭:১০

—প্রতীকী চিত্র।

প্রচার পর্বে দক্ষিণবঙ্গের নানা প্রান্তে অশান্তির ঘটনা সামনে আসছে। বেশির ভাগ ক্ষেত্রেই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠছে। তৃণমূল অভিযোগ মানেনি। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক অশোক কীর্তনিয়া শহরের ১৪ নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লিতে প্রচার করছিলেন। অভিযোগ, সে সময়ে ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধি (কাউন্সিলর) পাপাই রাহার নেতৃত্বে ওই দলের কিছু কর্মী প্রচারে বাধা দেয় এবং বিজেপি কর্মীদের মারধর করে। বিজেপির দাবি, ঘটনায় তাদের অন্তত ছ’জন আহত হন। এর প্রতিবাদে অশোকের নেতৃত্বে দলীয় কর্মীরা বনগাঁ থানার সামনে অবস্থান-বিক্ষোভে বসেন। পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ থামে। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর আমঝাড়া পোল এলাকায় এ দিন দলীয় দলীয় পতাকা টাঙানোর সময়ে বিজেপি কর্মীদের উপরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। পতাকা ও ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে বোলপুরের নানুরের সিঙ্গি গ্রামে সংঘর্ষে জড়ায় তৃণমূল-বিজেপি। বিজেপির একাধিক কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ। এ দিনই সাঁইথিয়া শহরে সিপিএমের দেওয়াল লিখন মুছে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। হুগলির খানাকুলেও দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। জখম হন চার জন।

আরও পড়ুন