WB Assembly Election 2026

নির্বাচনের ৩ দিন আগে পুলিশ লাইনে পাঠিয়ে দেওয়া হবে সব সিভিক ভলান্টিয়ারকে! ভোট ছাড়া অন্যান্য কাজে ব্যবহার

কমিশন জানিয়েছে, তারা কারও ভোটাধিকার কাড়ার পক্ষে নয়। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ, গ্রিন পুলিশেরা অবশ্যই ভোট দিতে যেতে পারবেন। তবে উর্দি পরে যাওয়া যাবে না।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ২০:৩২
Instruction regarding deployment of Civic police, Green police, Village police by Election Commission

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

নির্বাচন সংক্রান্ত কোনও কাজে তাঁদের যুক্ত করা যাবে না। ভোটের তিন দিন আগে তাঁদের সকলকে পুলিশ লাইনে পাঠিয়ে দিতেই হবে। ভোটের সময় রাজ্যের সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ এবং গ্রিন পুলিশদের কাজের পরিধি ‘বেঁধে’ দিল নির্বাচন কমিশন।

Advertisement

রাজ্যের সব পুলিশ সুপার এবং কমিশনারদের কাছে সিভিকদের নিয়ে ওই নির্দেশিকা পাঠিয়েছে কমিশন। সেই নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত সিভিক পুলিশ, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশকর্মীদের ভোটের তিন দিন আগেই রিজ়ার্ভ পুলিশ লাইনে পাঠাতে হবে। শুধু তা-ই নয়, রিজ়ার্ভ পুলিশ লাইনে থাকাকালীন তাঁরা কী করতে পারবেন, তা-ও জানিয়ে দিয়েছে কমিশন।

কমিশন জানিয়েছে, রিজ়ার্ভ পুলিশ লাইনে থাকাকালীন কোনও সিভিক, ভিলেজ পুলিশ বা গ্রিন পুলিশকে নির্বাচন সংক্রান্ত কাজে যুক্ত করা যাবে না। নির্বাচনের সব দায়িত্ব থেকে তাঁদের দূরে রাখতে হবে। তবে নির্বাচনের বাইরে যে কোনও কাজ তাঁরা করতে পারবেন। কেন এই নির্দেশিকা জারি করা হয়েছে, তা-ও জানিয়েছে কমিশন।

ভোট ঘোষণার আগে থেকে কমিশন বার বার অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের উপর জোর দিয়েছে। নানা সময়ে নানা ভাবে কমিশন বুঝিয়ে দিয়েছে, ভোটে কোনও ধরনের অশান্তি বা ভোটদানে বাধা বরদাস্ত করা হবে না। তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। ইতিমধ্যেই বেশ কিছু পদক্ষেপও করেছে কমিশন। সেই বিষয় উল্লেখ করে কমিশন জানিয়েছে, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য সিভিক, গ্রাম এবং গ্রিন পুলিশদের ভোটের তিন দিন আগেই রিজ়ার্ভ পুলিশ লাইনে পাঠিয়ে দিতে হবে।

প্রশ্ন ওঠে, তবে কি ভোটের দিন সিভিক ভলান্টিয়ার, গ্রাম, গ্রিন পুলিশেরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না? কমিশন জানিয়েছে, তারা কারও ভোটাধিকার কাড়ার পক্ষে নয়। সিভিক ভলান্টিয়ার, গ্রাম, গ্রিন পুলিশেরা অবশ্যই ভোট দিতে যেতে পারবেন। তবে ইউনিফর্ম পরে যাওয়া যাবে না। সাধারণ পোশাকে অন্য ভোটারদের মতোই ভোটদান করতে পারবেন তাঁরা।

Advertisement
আরও পড়ুন