West Bengal Assembly Election 2026

নন্দীগ্রামে বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন সিইও মনোজ! ছবি প্রকাশ করে দাবি তৃণমূলের, পাল্টা ‘ভগবান’ তত্ত্ব শোনাল পদ্মশিবির

এর আগেও পশ্চিমবঙ্গে নিযুক্ত একাধিক সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, সেক্টর অফিসারের বিরুদ্ধে দুর্নীতি, বিজেপি-যোগের অভিযোগ তুলে সরব হয়েছিল তৃণমূল। সংশ্লিষ্ট আধিকারিকদের ক্ষেত্রে পদক্ষেপও করেছে নির্বাচন কমিশন।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৪:২৯
Local BJP leader was with CEO Manoj Agarwal in Nandigram, TMC claimed by showing photo

(বাঁ দিকের চিহ্নিত করা অংশে ) নন্দীগ্রামের স্থানীয় বিজেপি নেতা, মনোজ আগরওয়াল (ডান দিকে)। ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ভোটের পশ্চিমবাংলায় জেলা সফরের শুরুতেই গত শনিবার নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। সেই পর্বে তিনি বিভিন্ন এলাকায় ঘুরেছিলেন। কথা বলেছিলেন সাধারণ মানুষের সঙ্গে। মঙ্গলবার ছবি প্রকাশ করে তৃণমূল দাবি করল, স্থানীয় এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছেন মনোজ।

Advertisement

তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক করে ছবি প্রকাশ করে ফের মনোজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ। তৃণমূলের দাবি, ছবিতে মনোজের পাশে লাল গোল করে চিহ্নিত করা অংশে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তাঁর নাম তপনকুমার মহাপাত্র। শাসকদলের এ-ও দাবি, এই তপন নন্দীগ্রামের কালীচরণপুর অঞ্চলের বিজেপির আহ্বায়ক। শুধু তা-ই নয়, তিনি বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ। কুণালের দাবি, ‘‘এক জন সিইও তিনি বিজেপির ক্যাডারকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। নির্বাচন কমিশন নজিরবিহীন দলদাসত্ব চালিয়ে যাচ্ছে।’’ কেন সিইও শুরুতে নন্দীগ্রামেই গেলেন, সেই প্রশ্নও তুলেছে তৃণমূল।

বিজেপি অবশ্য মনোজের পাশে তপনের উপস্থিতির কথা অস্বীকার করেনি। বরং ‘ভগবান’ তত্ত্বের কথা বলেছে পদ্মশিবির। নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল বলেন, ‘‘এই প্রথম এক জন সিইও নিরপেক্ষতার সঙ্গে কাজ করছেন। সাধারণ মানুষের কাছে তিনি ভগবান হয়ে উঠেছেন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও ব্যক্তির পছন্দ-অপছন্দ থাকে। সেই ব্যক্তি পরিচয় থেকেই কেউ যদি ভগবানকে দেখতে যান, তাতে কার কী বলার আছে?’’ বিজেপি বোঝাতে চেয়েছে, দলীয় পরিচয় থাকলেও তপন আসলে গিয়েছিলেন ব্যক্তিগত পরিচয় নিয়ে। মনোজের ভূমিকায় আপ্লুত হয়ে তাঁকে দেখতে।

এর আগেও পশ্চিমবঙ্গে নিযুক্ত একাধিক সাধারণ পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, সেক্টর অফিসারের বিরুদ্ধে দুর্নীতি, বিজেপি-যোগের অভিযোগ তুলে সরব হয়েছিল তৃণমূল। সংশ্লিষ্ট আধিকারিকদের ক্ষেত্রে পদক্ষেপও করেছে নির্বাচন কমিশন। সেই প্রসঙ্গ টেনে মঙ্গলবার কুণাল বলেন, ‘‘প্রতিটি দলের যেমন তারকা প্রচারকের তালিকা থাকে। তেমন কমিশনও তাদের তারকা প্রচারকের তালিকা প্রকাশ করুক। বলে দিক, এঁরা এঁরা বিজেপির হয়ে প্রচারের কাজ করবে কমিশনের জার্সি পরে। মুখোশটা খুলে ফেলুক।’’ পাশাপাশিই তৃণমূলের এ-ও বক্তব্য, এখনও লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ। মানুষকে বিপন্ন করে লাইনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সিইও-কে জেলায় জেলায় ট্রাইবুনালের লাইনে গিয়ে মানুষের সঙ্গে কথা বলতে হবে— এই দাবিও তুলেছে তৃণমূল।

Advertisement
আরও পড়ুন