Sourav Ganguly

ইডেনে মুখোমুখি সৌরভ-শাহরুখ, দেখামাত্রই জড়িয়ে ধরলেন! কী কথা হল দু’জনের?

কেকেআরের সমাজমাধ্যমের পাতায় এই ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়, ‘‘যখন কিং-এর সঙ্গে দেখা হয় বাংলার রাজপুত্রের।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ ১৫:৫০
শাহরুখ-সৌরভ সাক্ষাৎ।

শাহরুখ-সৌরভ সাক্ষাৎ। ছবি: সংগৃহীত।

সোমবার ইডেন গার্ডেন্সে ছিল কেকেআর বনাম পঞ্জাব কিংসের খেলা। সেখানেই মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে খেলা দেখতে আসেন কেকেআরের মালিক শাহরুখ খান। যদিও বৃষ্টির কারণে সোমবারের ম্যাচ বাতিল হয়ে যায়। এই মনখারাপের মধ্যেও একটি ভিডিয়ো যেন সকলের মন ছুঁয়ে যায়। ইডেনে সৌরভকে উষ্ণ আলিঙ্গন করেন শাহরুখ। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।

Advertisement

কেকেআরের সমাজমাধ্যমের পাতায় এই ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়, ‘‘যখন কিং-এর সঙ্গে দেখা হয় বাংলার রাজপুত্রের।’’ ২০০৮ সালে আইপিএলের উদ্বোধনী মরসুমে সৌরভই ছিলেন কেকেআরের অধিনায়ক। মাঝে ২০০৯ সালে অধিনায়কত্ব না করলেও ২০১০ সালে তিনি ফের দায়িত্বে ফেরেন। পুরনো সেই সব স্মৃতিই যেন কাল রাতে ইডেনের মাঠে বার বার ফিরে এল। সোমবার সন্ধেয় শাহরুখের পরনে ছিল সাদা টিশার্ট ও সাদা টুপি। তার ফাঁক দিয়ে উঁকি দিচ্ছিল কাঁচাপাকা চুল। অভিনেতার পেশিবহুল চেহারা চোখে পড়ে। শোনা যাচ্ছে, আসন্ন ছবি ‘কিং’-এর কারণে এমন পেশিবহুল চেহারা তাঁর।

অন্য দিকে, সৌরভের পরনে ছিল কালো শার্ট ও হালকা রঙের প্যান্ট। সৌরভকে শীঘ্রই দেখা যাবে ‘বিগ বস্’ বাংলার আসন্ন সিজ়নে, সঞ্চালকের ভূমিকায়। দু’জনের মধ্যে কুশল বিনিময়ের ছবি দেখা গেলেও তাঁদের মধ্যে কী কথা হল, তা অবশ্য জানা যায়নি কোনও পক্ষ থেকেই।

তবে, সৌরভ ও শাহরুখকে ফের একসঙ্গে দেখামাত্রই অনুরাগীদের দাবি, যাতে কেকেআরের কোচ হিসেবে সৌরভকে ফিরিয়ে আনা হয়।

Advertisement
আরও পড়ুন