কঙ্গনা রনৌত এলেন কালীঘাটে। ছবি: সংগৃহীত।
মাত্র দিনকয়েক বাকি। তার পরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। জোরকদমে চলছে ভোটপ্রচার। এই আবহে কলকাতায় এলেন বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। মঙ্গলবার শহরে এসে কালীঘাট মন্দিরে পুজো দিলেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ। ভোটের আবহে কলকাতায় কি শুধুই মা কালীর দর্শনে এলেন তিনি? না কি হেভিওয়েট কোনও বিজেপি প্রার্থীর নির্বাচনী প্রচারেও দেখা যাবে তাঁকে?
পরনে হালকা গোলাপি রঙের পৈঠানি শাড়িতে কমলা রঙের চওড়া পাড়, গলায় ভারী গয়না। একেবারে রাজবেশে মন্দিরে পা রাখেন কঙ্গনা। মা কালীর সঙ্গে নকুলেশ্বর ভৈরব মন্দিরেও পুজো দেন। অভিনেত্রীর কথায়, ‘‘আমি বরাবরই শক্তির উপাসক। আজ কালীমায়ের ডাক পেয়ে চলে এলাম। আমি গোটা দেশের মঙ্গল কামনা করে পুজো দিয়েছি। তবে বিশেষ করে বাংলার মেয়েদের জন্য প্রার্থনা করেছি। এখানকার মেয়েদের যেন মা কালী উদ্ধার করেন। এখানকার মেয়েরা যেন ন্যায়বিচার পায়। এ ছাড়াও আসন্ন নির্বাচনে বিজেপির যাতে ফল ভাল হয়, সেই প্রার্থনাও করেছি।’’ সব শেষে কঙ্গনা জানান, তিনি চান বাংলার জনগণের যাতে কল্যাণ হয়। তবে কারও হয়ে ভোটপ্রচারে এসেছেন কি না, সে সম্পর্কে কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।