West Bengal Assembly Election 2026

প্রতিষ্ঠা দিবসে রাজ্যের বিজেপি কর্মীদের সঙ্গে বিশেষ বার্তালাপ হবে প্রধানমন্ত্রীর, ‘ব্রিজ়কল’ ঘিরে কৌতূহল দলের ভিতরে-বাইরে

বিজেপি সূত্রে খবর, নির্বাচন সংক্রান্ত রণকৌশল, প্রচার এবং জনসংযোগ নিয়ে মূলত আলোচনা হবে এই ব্রিজ়কলে। এই নির্বাচনী লড়াইতে কোন মূল নীতিগুলি মাথায় রাখতে হবে, সেই সব নিয়ে প্রধানমন্ত্রী কিছু দিকনির্দেশনা দিতে পারেন বলে খবর।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৬ ০২:২৬
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

আগামী ৬ এপ্রিল বিজেপির প্রতিষ্ঠা দিবস। ওই দিন সকাল ৯টায় পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের সঙ্গে ব্রিজ়কলে বিশেষ কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কর্মী ও প্রার্থীদের সঙ্গে কী আলোচনা করবেন, তা নিয়ে কৌতূহল নানা মহলে।

Advertisement

আগামী ৫ এপ্রিল কোচবিহারের ঐতিহাসিক রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিজয় সংকল্প সভা’ রয়েছে। এর পর আগামী ৬ এপ্রিল রবিবার সকাল ৯টায় পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী ও প্রার্থীদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী। কত জন কর্মীর সঙ্গে কথা বলবেন বা কী ভাবে এই কথোপকথন চলবে, তা এখন‌ও স্পষ্ট নয়। মোট কত জন কর্মী ডাক পাবেন, এই ব্রিজ়কলের জন্য কোনও জায়গা নির্ধারণ করা হয়েছে কি না বা পশ্চিমবঙ্গে কতগুলি জমায়েতস্থল হতে পারে— তা নিয়ে এখনও পর্যন্ত বিজেপি-র তরফে কিছু প্রকাশ করা হয়নি। তবে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই বার্তালাপ তাৎপর্যপূর্ণ বলেই মনে করেছে বিভিন্ন রাজনৈতিক শিবির।

বিজেপি সূত্রে খবর, নির্বাচন সংক্রান্ত রণকৌশল, প্রচার এবং জনসংযোগ নিয়ে মূলত আলোচনা হবে এই ব্রিজ়কলে। এই নির্বাচনী লড়াইতে কোন মূল নীতিগুলি মাথায় রাখতে হবে, সেই সব নিয়ে প্রধানমন্ত্রী কিছু দিকনির্দেশনা দিতে পারেন বলে খবর। প্রচার এবং জনসংযোগে কোথায় কার কী ভূমিকা থাকা উচিত, তা নিয়েও কথা হতে পারে। প্রচারে কী কী বলতে হবে, সেটিও আলোচনায় উঠে আসতে পারে বলে খবর।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর কথোপকথন বিশেষ গুরুত্ব পেতে পারে। ইতিমধ্যেই একটি আসন বাদে বাকি সব আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। প্রার্থীদের সকলকেই এই কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী সরাসরি প্রার্থীদের উদ্দেশে কিছু বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

Advertisement
আরও পড়ুন