Narendra Modi’s Road Show

উত্তরবঙ্গে ১৫ কিলোমিটার রোড শোয়ের ভিডিয়ো পোস্ট মোদীর! দিলেন উন্নয়ন ও যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের বার্তাও

শুধু গাড়িতে নয়, শনিবারের রোড শোয়ে আচমকাই মাঝপথে নেমে পড়েন মোদী। ১০০ মিটারের মতো পথ পায়ে হেঁটে জনসংযোগ করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২৬ ১০:৫০
Prime Minister Narendra Modi posted a video of his road show in Matigara-Naxalbari on Saturday

মাটিগাড়া-নকশালবাড়িতে রোড শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: সমাজমাধ্যম।

রোড শো সেরেছিলেন শনিবার। মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে। রবিবার শিলিগুড়িতে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে সকালে নিজের সমাজমাধ্যমে শনিবারের রোড শোয়ের কিছু ঝলক তুলে ধরেছেন তিনি। ১৫ কিলোমিটারের রোড শোয়ে তিনি যে সাড়া পেয়েছেন, তা ‘ভালবাসা’ হিসাবে বর্ণনা করেছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে জুড়েছেন উন্নয়ন এবং যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের প্রতিশ্রুতিও।

Advertisement

রাস্তার দু’ধারে ব্যারিকেড করা। সেই ব্যারিকেডের ও পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে বিজেপির কর্মী সমর্থক। আর মাঝখান দিয়ে এগিয়ে গিয়েছে মোদীর কালো রঙের গাড়ি। সেই গাড়ি থেকেই উচ্ছ্বসিত জনতার দিকে হাত নাড়াচ্ছেন মোদী। অনেকে ফুল ছুড়ে দিচ্ছেন, কেউ কেউ চিৎকার করছেন— এমন নানা ছবিই দেখা গেল শনিবারের রোড শোয়ে। আর তার টুকরো টুকরো মুহূর্ত জুড়ে মিনিট দুয়েকের ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করেন মোদী।

শুধু গাড়িতে নয়, শনিবারের রোড শোয়ে আচমকাই মাঝপথে নেমে পড়েন মোদী। ১০০ মিটারের মতো পথ তিনি পায়ে হেঁটে জনসংযোগ করেন। তার পরে আবার গাড়িতে উঠে এগোতে থাকেন। রাতে মাটিগাড়া এলাকায় চা-বলয়ের মাঝে একটি রিসর্টেই থাকেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, শনিবার শিলিগুড়িতেই রোড শো করার কথা ছিল মোদীর। নিরাপত্তাজনিত কারণে শিলিগুড়িতে প্রধানমন্ত্রীর রোড শোয়ের পরিকল্পনা বাতিল করতে হয়। পরে মাটিগাড়া-নকশালবাড়িতে রোড শোয়ের পরিকল্পনা করা হয়।

রবিবারের পোস্টে রোড শোয়ের ঝলকের সঙ্গে পশ্চিমবঙ্গবাসীকে বিজেপির দেওয়া ‘প্রতিশ্রুতি’র কথাও মনে করিয়ে দেন। পোস্টে লেখেন, ‘বিজেপি সরকার স্থানীয় উন্নয়নের সমস্যাগুলির সমাধান করবে।’ একই সঙ্গে জুড়ে দেন, ‘পশ্চিমবঙ্গের যুব সম্প্রদায়ের জন্য নতুন সুযোগ নিয়ে আসবে বিজেপি সরকার।’

Advertisement
আরও পড়ুন