অজয়পাল শর্মা। — ফাইল চিত্র।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পুলিশ পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত উত্তরপ্রদেশের আইপিএস অজয়পাল শর্মার বিরুদ্ধে মঙ্গলবারই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছিল। বুধবার অবসরপ্রাপ্ত আমলা আশিস জোশী তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে চিঠি লিখলেন। জোশীর বক্তব্য, পর্যবেক্ষকরা নির্বাচন কমিশনের ‘চোখ ও কান’ হিসেবে কাজ করবেন। তাঁরা প্রয়োজনে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেবেন। মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে রিপোর্ট দেবেন। কিন্তু ‘সিংহম’-এর ভূমিকায় নেমে নিজেই প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করবেন না।
অজয়পালের বিরুদ্ধে একপেশে ভাবে ও এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করার একই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। তাঁকে পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে সরানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল। সুপ্রিম কোর্টে অবশ্য বুধবার সেই মামলার শুনানি হয়নি। তবে একাধিক প্রাক্তন নির্বাচন কমিশনার, অবসরপ্রাপ্ত আইএএস-আইপিএস অজয়পালের ভূমিকার সমালোচনা করেছেন।
তাঁদের বক্তব্য, নির্বাচন কমিশন গত ১৭ এপ্রিল যে পশ্চিমবঙ্গের জন্য ৮৪ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছিল, সেই তালিকায় প্রয়াগরাজের ডিআইজি অজয়পালের নাম ছিল না।