WB Assembly Election 2026

ভোটের মুখে গ্রেফতার হরিণঘাটার তৃণমূল কাউন্সিলর! কী অভিযোগে পাকড়াও করল পুলিশ?

পুলিশের এই অভিযানে ক্ষুব্ধ ধৃতের পরিবার। তাদের দাবি, কোনও পরোয়ানা ছাড়াই পুলিশ যে ভাবে তল্লাশি চালিয়েছে তা সম্পূর্ণ বেআইনি।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ১৬:৩১
TMC councilor of Haringhata arrest ahead Assembly election

হরিণঘাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন পুরপ্রধান রাজীব দালাল। —নিজস্ব চিত্র।

বিধানসভা নির্বাচনের আগে গ্রেফতার নদিয়ার এক তৃণমূল কাউন্সিলর। শুক্রবার সকালে আচমকাই হরিণঘাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা প্রাক্তন পুরপ্রধান রাজীব দালালের বাড়িতে হানা দেয় পুলিশ। তাঁকে প্রথমে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পরে গ্রেফতার করা হয় রাজীবকে। তাঁর গ্রেফতারিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Advertisement

কেন গ্রেফতার করা হল রাজীবকে? স্থানীয় সূত্রে খবর, হরিণঘাটা বিধানসভার তৃণমূল প্রার্থী রাজীব বিশ্বাসের মনোনয়ন জমা দেওয়ার সময় অশান্তি হয়। অভিযোগ, তৃণমূল প্রার্থীর মনোনয়ন দাখিলের সময় রিটার্নিং অফিসারের সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন হরিণঘাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। সেই ঘটনায় পরে কল্যাণী থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। জানা গিয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে রাজীবের বাড়িতে হানা দেয় পুলিশ। দীর্ঘ তল্লাশির পর জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে সেখান থেকেই গ্রেফতার করে পুলিশ। তাঁকে কল্যাণী মহকুমা আদালতে হাজির করানো হবে।

পুলিশের এই অভিযানে ক্ষুব্ধ ধৃতের পরিবার। রাজীবের স্ত্রী সুজাতা দালালের অভিযোগ, ‘‘কোনও রকম নোটিস ছাড়াই পুলিশ সকালে বাড়িতে ঢুকে পড়ে। তল্লাশির কারণও জানাতে চায়নি। বাড়ির আনাচে-কানাচে তল্লাশি চালানো হয়, অথচ সেই সময় রাজীব বাড়িতে ছিলেনই না।’’ পরিবারের দাবি, কোনও পরোয়ানা ছাড়াই পুলিশ যে ভাবে তল্লাশি চালিয়েছে তা সম্পূর্ণ বেআইনি। এই গ্রেফতারির নেপথ্যে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করেছে তারা।

গ্রেফতারির ঘটনার প্রতিবাদে সকাল থেকে কল্যাণী থানার সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসা মেটাতেই পুলিশকে ব্যবহার করা হচ্ছে। দলের স্থানীয় নেতৃত্বের অভিযোগ, ভোটের আগে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই পদক্ষেপ করেছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে কল্যাণী থানার সামনে আরও পুলিশ মোতায়েন করা হয়েছে।

Advertisement
আরও পড়ুন