West Bengal Assembly Election

জেডিইউ নেতার পুত্র! উত্তর দিনাজপুরের কমিশন নিযুক্ত জেলাশাসককে নিয়ে এ বার আপত্তি তুলে দিল তৃণমূল

গত ১৮ মার্চ রাজ্যের একঝাঁক জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-কে অপসারণ করেছিল কমিশন। সেই পদে নতুন জেলাশাসকও নিয়োগ করে তারা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৮:৩৪
TMC raises question on role of Election Commission appointed North Dinajpur District Magistrate

জেডিইউ নেতা বীরেন্দ্রকুমার সিংহের সঙ্গে কমিশন নিযুক্ত উত্তর দিনাজপুরের জেলাশাসক বিবেক সিংহ। (ইনসেটে) নীতীশ কুমারের সঙ্গে বীরেন্দ্র। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের এক জেলাশাসককে নিয়ে এ বার প্রশ্ন তুলল তৃণমূল। ছবি প্রকাশ করে পশ্চিমবঙ্গের শাসকদলের দাবি, নীতীশ কুমারের দল জেডিইউ নেতার পুত্রকে উত্তর দিনাজপুরের জেলাশাসক করেছে কমিশন।

Advertisement

গত ১৮ মার্চ রাজ্যের একঝাঁক জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক (ডিইও)-কে অপসারণ করেছিল কমিশন। সেই পদে নতুন জেলাশাসকও নিয়োগ করে তারা। তালিকায় ছিলেন উত্তর দিনাজপুরের জেলাশাসকও। ওই জেলার নতুন জেলাশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয় বিবেক কুমার সিংহকে। তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, বিবেকের বাবা বীরেন্দ্রকুমার সিংহ জেডিইউ নেতা। শুধু তা-ই নয়, তিনি প্রাক্তন জেডিইউ সাংসদ। নীতীশের দলের বিধায়কও ছিলেন বীরেন্দ্র।

তৃণমূল যে বীরেন্দ্রের ছবি প্রকাশ করেছে, তিনি জেডিইউ-র হয়ে বিহারের ঔরঙ্গাবাদ আসন থেকে লড়ে ১৯৯৬ সালে সাংসদ হন। পরে ২০১০ সালে বিধানসভা নির্বাচনে বিহারের নবীননগর কেন্দ্র থেকে লড়ে জেতেন। ২০১৫ সাল পর্যন্ত ওই কেন্দ্রে বিধায়ক ছিলেন তিনি। রবিবার সাংবাদিক বৈঠকে কয়েকটি ছবি প্রকাশ করে তৃণমূল দাবি করে, বীরেন্দ্রের পুত্রই বিবেক। পারিবারিক একটি ছবিও প্রকাশ করে তারা। দাবি, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশের ঘনিষ্ঠ বীরেন্দ্র। নীতীশ-বীরেন্দ্রের একসঙ্গে একটি ছবি প্রকাশ্যে আনে তৃণমূল। যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

গত বৃহস্পতিবার রাজ্যের চার পর্যবেক্ষককে নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। সেই তালিকায় রয়েছেন— গাজোলের পর্যবেক্ষক ধীরজ কুমার, বনগাঁ দক্ষিণের পর্যবেক্ষক অজয় কাটেসারিয়া, বালিগঞ্জের পর্যবেক্ষক গণ্ডম চন্দ্রুডু এবং মধ্যমগ্রামের পর্যবেক্ষক অরিন্দম ডাকুয়া। তৃণমূলের দাবি, কমিশন নিযুক্ত ওই পর্যবেক্ষকদের মধ্যে কারও বিরুদ্ধে দুর্নীতি, কারও বিরুদ্ধে জমি কেলেঙ্কারি, আবার কারও বিরুদ্ধে পণকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল। কেউ আবার বিজেপির ঘনিষ্ঠ বলে দাবি করে রাজ্যের শাসকদল। তার আগে মালদহের চার কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষক জয়ন্ত কান্ত এবং তাঁর স্ত্রীর ছবি প্রকাশ করে তৃণমূল দাবি করেছিল, কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের স্ত্রী বিহারের বিজেপি নেত্রী।

তৃণমূলের অভিযোগ নিয়ে শোরগোল পড়তেই খতিয়ে দেখা শুরু করে কমিশন। শনিবার কমিশন জানিয়ে দেয়, মালদহের ওই চার কেন্দ্রের পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন আইপিএস অফিসার হৃদয় কান্ত। তিনি ঝাড়খণ্ডের বাসিন্দা।

Advertisement
আরও পড়ুন