TMC Worker Attacked

নির্বাচনী সভার প্রস্তুতি সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী! কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন

তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, নির্বাচনী প্রচার নিয়ে তাঁদের সভা ছিল। সেই বৈঠকর শেষে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী। তখনই তাঁর উপর হামলা হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১৯:৪৮
Gun

—প্রতিনিধিত্বমূলক ছবি।

দলীয় কাজ সেরে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের এক কর্মী। জখম যুবকের নাম দিব্যেন্দু গায়েন। বর্তমানে কলকাতার হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর।

Advertisement

দিব্যেন্দু গোসাবার বাসিন্দা। স্থানীয় সূত্রে খবর, রবিবার রাত প্রায় ১১টা নাগাদ গোসাবার শম্ভুনগর গ্রাম পঞ্চায়েতের ভূপেন্দ্রপুর এলাকায় দিব্যেন্দুকে গুলি করেন অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, নির্বাচনী প্রচার নিয়ে তাঁদের সভা ছিল। সেই বৈঠকর শেষে বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মী। মাঝরাস্তায় আচমকা দুষ্কৃতীরা দিব্যেন্দুকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি লাগে ডান পায়ের উরুতে। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়েরা তৃণমূল কর্মীকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।

গুলিকাণ্ডে তৃণমূল নেতৃত্ব বিজেপির দিকে আঙুল তুলেছে। বিজেপি এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, দিব্যেন্দু তৃণমূলের সক্রিয় কর্মী। আগামী ২২ এপ্রিল গোসাবায় তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলের সমর্থনে একটি নির্বাচনী সভা রয়েছে। সেই সভার প্রস্তুতি নিয়ে রবিবার সন্ধ্যায় দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। বৈঠক সেরে ফেরার পথেই এই হামলার ঘটনা ঘটে। গুলিকাণ্ডের নেপথ্যে কারা, কী কারণে এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন