Nabanna Preparation for Supplementary Roll

ভোটার তালিকার পরবর্তী অংশ প্রকাশ্যে আসার আগে সতর্কতা নবান্নের! প্রশাসনের কী করণীয়, জানিয়ে দেওয়া হল সব জেলাকে

রাজ্যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় ৬০ লক্ষ। আগামী সোমবার বিবেচনাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ হবে। দ্বিতীয় তালিকাও আগামী সপ্তাহেই প্রকাশ হতে পারে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২১ মার্চ ২০২৬ ২২:৩৪
এপিক কার্ড হাতে লাইনে ভোটারেরা।

এপিক কার্ড হাতে লাইনে ভোটারেরা। —ফাইল চিত্র।

ভোটার তালিকার পরবর্তী অংশ প্রকাশের আগে থেকেই সতর্ক নবান্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনও ভাবেই অবনতি না হয়, তা নিশ্চিত করছে চাইছে রাজ্য সরকার। সেই লক্ষ্যে প্রশাসনের তরফে কী কী করণীয়, তা এ বার জানিয়ে দেওয়া হল সব জেলাকে। শনিবারই প্রত্যেক জেলাশাসককে এই মর্মে চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র দফতর।

Advertisement

ভিড় নিয়ন্ত্রণের জন্য আগাম সতর্কতামূলক পদক্ষেপ করে রাখতে বলা হয়েছে প্রত্যেক জেলাশাসকে। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দকেও। চিঠিতে নবান্ন জানিয়েছে, সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ভোটার তালিকার পরবর্তী অংশ (বিবেচনাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা) প্রকাশিত হবে বলে তারা জানতে পেরেছে। ওই তালিকা প্রকাশ্যে আসার পরে কিছু কিছু জায়গায় ভিড় হতে পারে বলে মনে করছে রাজ্য সরকার। ওই ভিড় সামাল দেওয়ার জন্য আগাম পদক্ষেপ করে রাখতে বলা হয়েছে জেলা প্রশাসনকে। একই সঙ্গে সংবেদনশীল জায়গাগুলিতে কড়া নজরদারির কথাও বলা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য অন্য প্রয়োজনীয় পদক্ষেপও করে রাখতে বলা হয়েছে। সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদেরও সেই মতো জানিয়ে রাখতে বলা হয়েছে জেলাশাসকদের।

রাজ্যে বিবেচনাধীন ভোটারের সংখ্যা প্রায় ৬০ লক্ষ। আগামী সোমবার বিবেচনাধীন ভোটারদের প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ হবে। দ্বিতীয় তালিকাও আগামী সপ্তাহেই প্রকাশ হতে পারে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী শুক্রবার প্রকাশ হতে পারে দ্বিতীয় অতিরিক্ত তালিকা। সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যে ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাই কোর্ট। রাজ্যের ২৩টি জেলার জন্য ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে। যদি কোনও ভোটারের নাম অতিরিক্ত তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ট্রাইবুনালে।

প্রশাসনিক মহলের একাংশের মতে, এ ক্ষেত্রে তালিকা প্রকাশ্যে আসার পরে সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় দরবার করার জন্য সাধারণ মানুষের ভিড় হতে পারে বলে মনে করছে রাজ্য সরকার। অনুমান করা হচ্ছে, সেই উদ্বেগের থেকেই সব জেলাকে আগাম সতর্ক করে দিল স্বরাষ্ট্র দফতর। আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য সজাগ নজরদারির জন্য বলে দেওয়া হয়েছে প্রত্যেক জেলাশাসককে।

Advertisement
আরও পড়ুন