বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।
বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-য় কর্মখালি। রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীনে প্রজেক্ট স্টাফ নিয়োগ করা হবে। মোট শূন্যপদ পাঁচটি।
সিকিমের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ফুল হয়, তার প্রাকৃতিক বৈচিত্র্য নিয়ে গবেষণার কাজ করছে বটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। সেই প্রকল্পে আর্থিক অনুদান দিয়েছে ন্যাশনাল মিশন অন হিমালয়ান স্টাডিজ়। সংশ্লিষ্ট প্রকল্পে রিসার্চ অ্যাসোসিয়েট, জুনিয়র প্রজেক্ট ফেলো এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে।
কারা আবেদন করবেন?
১। রিসার্চ অ্যাসোসিয়েট পদে ফুলের বৈচিত্র্য নিয়ে গবেষণার পূর্ব-অভিজ্ঞতা সম্পন্নদের নিয়োগ করা হবে। তাঁদের অন্তত ১০ বছর সিকিমের বিভিন্ন এলাকার ফুল নিয়ে গবেষণার অভিজ্ঞতা থাকা প্রয়োজন। প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ের গবেষণাপত্র কোনও মান্য পত্রিকায় প্রকাশিতও হওয়া দরকার। তাঁদের প্লান্ট ট্যাক্সোনমি বিষয়ে পিএইচডি থাকতেই হবে।
২। জুনিয়র প্রজেক্ট ফেলো হিসাবে প্লান্ট ট্যাক্সোনমি কিংবা ইকোলজি বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নদের নিয়োগ করা হবে। তাঁদের এ সংক্রান্ত বিষয়ে ফিল্ড ওয়ার্ক-এর অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
৩। উদ্ভিদবিদ্যায় স্নাতকেরা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে চাকরির সুযোগ পাবেন। উদ্ভিদের নমুনা সংগ্রহ করে সংরক্ষণ করা এবং তা থেকে তথ্য সংগ্রহের কাজে পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও বয়স:
রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে নিযুক্তের বয়স ৪৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন। জুনিয়র প্রজেক্ট ফেলোর বয়স ২৮ বছরের মধ্যে হতে হবে। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিযুক্তদের বয়স ৫০ বছরের মধ্যে হওয়া আবশ্যক। পদের ভিত্তিতে প্রতি মাসে তাঁদের ২০,০০০ টাকা থেকে ৬৭,০০০ টাকা দেওয়া হবে।
আবেদনের শর্তাবলি:
২৫ মার্চের মধ্যে ডাকযোগে কিংবা ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের জন্য জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্রের সঙ্গে কর্মজীবনের শংসাপত্রের মতো নথিও পাঠানো প্রয়োজন। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে।