— ফাইল চিত্র।
আইনের পড়ুয়ারা ভারতীয় সেনায় যোগদানের সুযোগ পেয়ে থাকেন। এর জন্য তাঁদের একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। পড়তে হয় বিশেষ কোর্স নিয়ে। পড়াশোনা শেষ হলে তাঁরা জাজ অ্যাডভোকেট জেনারেল ব্রাঞ্চ-এর অধীনে কমিশন্ড অফিসার হিসাবে কাজ করতে পারেন।
সুযোগ পাওয়া জন্য যে সমস্ত শর্ত পূরণ করতে হবে, সেগুলি হল—
১। প্রার্থীদের এলএলবি ডিগ্রি থাকা দরকার, তাতে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকতেই হবে।
২। নারী, পুরুষ— উভয় প্রার্থীদের অবিবাহিত হওয়া আবশ্যক।
৩। তাঁদের কমন ল অ্যাডমিশন টেস্ট পোস্ট গ্র্যাজুয়েট (ক্ল্যাট পিজি) উত্তীর্ণ হতে হবে।
৪। বয়স ২১ থেকে ২৭ বছরের মধ্যে হওয়া চাই।
এই সমস্ত শর্ত পূরণের পরে প্রার্থীরা ভারতীয় সেনার ‘শর্ট সার্ভিস কমিশন কোর্স ফর ল’-এর জন্য আবেদন জানাতে পারবেন। মোট আটজন স্নাতককে ওই কোর্সে ভর্তি নেওয়া হবে। তাঁদের প্রাথমিক পর্যায়ে ৪৯ সপ্তাহ পর্যন্ত প্রশিক্ষণ চলবে চেন্নাইয়ের অফিসার ট্রেনিং অ্যাকাডেমিতে।
প্রশিক্ষণ চলাকালীন ৫৬,১০০ টাকা ভাতা হিসাবে বরাদ্দ করা হয়েছে। প্রশিক্ষণের শেষে শর্ট সার্ভিস কমিশনের অধীনে কাজ করতে হবে। সেই সময় চাকরি ছাড়তে চাইলে অন্তত পাঁচ বছর পর্যন্ত কাজ করা আবশ্যক। ১০ বছর পরে পার্মানেন্ট কমিশনের অধীনে পদোন্নতি হবে নিযুক্তদের। সেই সময় তাঁদের বেতন ১ লক্ষ টাকা থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য মেডিক্যাল টেস্ট এবং মেধা যাচাইয়ের জন্য পাঁচদিন ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ এবং মেডিক্যাল টেস্ট-এর ফলাফলের ভিত্তিতে চূড়ান্ত পদের জন্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আগ্রহীরা আবেদনের জন্য ইন্ডিয়ান আর্মি-র ওয়েবসাইট মারফত সমস্ত নথি জমা দিতে পারবেন। আবেদনের পোর্টাল ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকছে।